খোলা স্থানে মাছ ও মাংস বিক্রি আর নয়—বিহার সরকারের নতুন সিদ্ধান্তে আলোচনার ঝড়। (ফাইল ছবি)
ভারতের বিহার রাজ্যে প্রকাশ্যে মাছ ও মাংস বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী নীতীশ কুমার–এর নেতৃত্বাধীন প্রশাসন জানিয়েছে, শিগগিরই এ সংক্রান্ত নতুন নীতিমালা কার্যকর করা হবে।
রাজ্যের উপমুখ্যমন্ত্রী বিজয় কুমার সিনহা বলেন, খোলা জায়গায় মাছ বা মাংস বিক্রি করা যাবে না। কেবল বৈধ লাইসেন্সপ্রাপ্ত দোকানেই এসব পণ্য বিক্রির অনুমতি থাকবে। নিয়ম না মানলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছেন তিনি।
তবে সিদ্ধান্তটি কবে থেকে কার্যকর হবে এবং আইন ভঙ্গের ক্ষেত্রে কী শাস্তি নির্ধারণ করা হবে—এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
এই পদক্ষেপকে সমর্থন জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংহ। তিনি জেলা প্রশাসনকে দ্রুত বাস্তবায়নের নির্দেশনা দেওয়ার আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য, বিহারে আগে থেকেই মদ বিক্রি নিষিদ্ধ রয়েছে। এর আগে ২০২৫ সালে উত্তরপ্রদেশে ধর্মীয় স্থানের ৫০০ মিটারের মধ্যে মাংস বিক্রি বন্ধ করেছিল যোগী আদিত্যনাথ–এর সরকার।
নতুন এ সিদ্ধান্তকে ঘিরে বিহারজুড়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ এটিকে স্বাস্থ্য ও শৃঙ্খলার পক্ষে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন, আবার ক্ষুদ্র ব্যবসায়ীরা জীবিকার ওপর প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন।
বিশ্লেষকদের মতে, বিহারের সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে এ সিদ্ধান্ত দীর্ঘমেয়াদে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
বিহার সরকার নীতীশ কুমার মাছ-মাংস বিক্রি বন্ধ
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!