সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ড. কামাল হোসেন ZUMS-এর আইন বিভাগে মুট কোর্ট উদ্বোধন করেন । ছবি: সংগৃহীত
আইন শিক্ষার্থীদের তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি আদালতকেন্দ্রিক ব্যবহারিক অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্যে জেডএনআরএফ ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সায়েন্সেসের (ZUMS) আইন বিভাগে মুট কোর্ট চালু করা হয়েছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে মুট কোর্টের উদ্বোধন করেন সংবিধান প্রণয়ন কমিটির চেয়ারম্যান, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও সাবেক আইন, জ্বালানি ও পররাষ্ট্রমন্ত্রী ড. কামাল হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) সম্মানসূচক নির্বাহী পরিচালক এবং সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান নার্গিস রফিকা রহমান, উপাচার্য অধ্যাপক ড. এম. জুবায়দুর রহমান, কোষাধ্যক্ষ ব্যারিস্টার শফিকুর রহমান এবং স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ডিন ও আইন বিভাগের চেয়ারপারসন সীমা হায়দার চৌধুরী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অতিথি ও শিক্ষার্থীদের বক্তব্যের পাশাপাশি ব্যারিস্টার সারা হোসেনের সঙ্গে একটি প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। একই আয়োজনে ‘শ্যাডো ট্রায়াল’ শীর্ষক মক ট্রায়াল প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কৃত করা হয়। বিজয়ীদের হাতে ক্রেস্ট তুলে দেন ড. কামাল হোসেন।
আইন বিভাগের অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করে ড. কামাল হোসেন বলেন, শুরু থেকেই বিভাগটির সম্ভাবনা নিয়ে তিনি আশাবাদী ছিলেন। শিক্ষক ও শিক্ষার্থীদের যৌথ প্রচেষ্টা এবং পরিশ্রমের মাধ্যমে সেই প্রত্যাশার ইতিবাচক প্রতিফলন দেখতে পেয়ে তিনি আনন্দিত।
শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে ব্যারিস্টার সারা হোসেন আইন পেশায় নারীদের অভিজ্ঞতার বিষয়টিও তুলে ধরেন। তিনি বলেন, অতীতে আদালতে নারী আইনজীবীদের জন্য কাজের পরিবেশ তুলনামূলকভাবে কঠিন ছিল। তবে সময়ের সঙ্গে পরিস্থিতির পরিবর্তন হচ্ছে।
তিনি আইনশিক্ষার সঙ্গে বাস্তব জীবনের অভিজ্ঞতা যুক্ত করার ওপর গুরুত্ব দিয়ে বলেন, পেশাগত জীবনে কী ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হয়, সে সম্পর্কে আগাম ধারণা থাকলে শিক্ষার্থীরা আইন পেশায় প্রবেশের জন্য আরও ভালোভাবে প্রস্তুত হতে পারবেন।
বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সংশ্লিষ্টরা জানান, নতুন মুট কোর্টে শিক্ষার্থীরা আদালতের কার্যক্রম অনুশীলনের পাশাপাশি আইনি গবেষণা, যুক্তিতর্ক উপস্থাপন এবং পেশাগত আচরণ সম্পর্কে হাতে-কলমে শেখার সুযোগ পাবেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা করছে, মুট কোর্টের কার্যক্রম শিক্ষার্থীদের ব্যবহারিক দক্ষতা, পেশাগত নৈতিকতা এবং ভবিষ্যৎ কর্মজীবনের প্রস্তুতি আরও শক্তিশালী করতে ভূমিকা রাখবে।
ছবির ক্যাপশন: জেডএনআরএফ ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সায়েন্সেসের আইন বিভাগের মুট কোর্ট উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে ড. কামাল হোসেন।
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!