দেশের মেধাবী প্রকৌশলীদের বিদেশে চলে যাওয়ার প্রবণতা কমিয়ে তাঁদের দক্ষতা ও উদ্ভাবনী সক্ষমতাকে দেশের উন্নয়ন ও শিল্পায়নে কাজে লাগানোর উপযোগী পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) ভবনে আয়োজিত ‘আইইবি জব ফেয়ার ও প্রজেক্ট কম্পিটিশন-২০২৬’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, উচ্চশিক্ষা ও পেশাগত দক্ষতা অর্জনের পর অনেক মেধাবী প্রকৌশলী বিদেশে স্থায়ী হয়ে যাচ্ছেন, যা দেশের জন্য একটি বড় চ্যালেঞ্জ। দেশের শিল্পায়ন, প্রযুক্তিগত অগ্রগতি ও উন্নয়ন কর্মকাণ্ডকে এগিয়ে নিতে এ ধরনের দক্ষ জনশক্তিকে দেশে ধরে রাখা প্রয়োজন।
তিনি বলেন, সরকার কর্মসংস্থান বৃদ্ধি, প্রযুক্তিনির্ভর শিক্ষা সম্প্রসারণ এবং উদ্ভাবনবান্ধব কর্মপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে প্রকৌশলীদের জন্য আরও অনুকূল পরিবেশ তৈরিতে গুরুত্ব দিচ্ছে।
মো. আসাদুজ্জামান বলেন, বাংলাদেশের প্রকৌশলীরা মেধা, দক্ষতা ও পেশাদারিত্বের মাধ্যমে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন। নতুন প্রযুক্তি উদ্ভাবন, শিল্পখাতের সম্প্রসারণ এবং কৃষির আধুনিকায়নে তাঁদের আরও সক্রিয় ভূমিকা রাখার সুযোগ রয়েছে।
তিনি আরও বলেন, সরকারের লক্ষ্য এমন একটি পরিবেশ নিশ্চিত করা, যেখানে প্রকৌশলীরা নিজেদের সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তাকে দেশের কল্যাণে কাজে লাগাতে পারবেন। এ জন্য গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তিভিত্তিক কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।
উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতার গুরুত্ব তুলে ধরে আইনমন্ত্রী বলেন, জনগণের অর্থে পরিচালিত প্রকল্পগুলো বাস্তবায়নের ক্ষেত্রে সর্বোচ্চ দায়িত্বশীলতা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে প্রকল্প ব্যয় যৌক্তিক ও সাশ্রয়ী রাখার দিকেও নজর দিতে হবে।
তিনি বলেন, আধুনিক, নিরাপদ ও পরিবেশবান্ধব অবকাঠামো নির্মাণে দেশের প্রকৌশলীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। বিশেষ করে ভূমিকম্প-সহনশীল, নিরাপদ ও পরিবেশসম্মত স্থাপনা নির্মাণে তাঁদের অবদান প্রশংসনীয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইইবির সভাপতি প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম (রিজু)। এ সময় আইইবির সাধারণ সম্পাদক প্রকৌশলী ড. মো. সাব্বির মোস্তফা খান, জব ফেয়ার ও প্রজেক্ট কম্পিটিশন ব্যবস্থাপনা উপকমিটির আহ্বায়ক প্রকৌশলী নিয়াজ উদ্দিন ভূঁইয়া এবং কো-আহ্বায়ক প্রকৌশলী সাবির আহমেদ ওসমানী বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপকমিটির সদস্যসচিব প্রকৌশলী ইসরাত জাহান (জেসমিন)।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, নবীন ও অভিজ্ঞ প্রকৌশলী, শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
আয়োজকেরা জানান, জব ফেয়ার ও প্রজেক্ট কম্পিটিশনের মাধ্যমে তরুণ প্রকৌশলীদের কর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন এবং উদ্ভাবনী প্রকল্প উপস্থাপনের সুযোগ সৃষ্টি হয়েছে। একই সঙ্গে শিল্পখাত ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা বাড়াতেও এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!