ক্ষমতায় আসার পর বিএনপির রাজনৈতিক অবস্থান ও বক্তব্যে পরিবর্তন এসেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (২৩ জুন) রাজধানীর বিজয়নগরে ১১ দলীয় জোটের উদ্যোগে ফ্যাসিবাদী শাসনামলে গুম ও খুনের বিচারের দাবিতে আয়োজিত সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
জামায়াত আমির বলেন, নির্বাচনের আগে বিএনপি বলেছিল ক্ষমতায় গেলে ফ্যাসিবাদী শাসনামলে সংঘটিত খুন, গুম ও নির্যাতনের বিচার করা হবে। তবে ক্ষমতায় যাওয়ার পর তাদের অবস্থান পরিবর্তিত হয়েছে বলে তিনি দাবি করেন।
তিনি বলেন, “ফ্যাসিবাদী শাসনের যাতাকলে পিষ্ট জাতি আন্দোলনের মাধ্যমে মুক্তি পেয়েছিল। সেই সময় যারা মজলুম ছিল, তারা এখন ক্ষমতায় আছে। কিন্তু এখন তাদের সুর পাল্টে গেছে।” ডা. শফিকুর রহমান অভিযোগ করে বলেন, বিচার প্রক্রিয়া এগোচ্ছে না এবং সাম্প্রতিক সময়ে দেশে হত্যাকাণ্ডের ঘটনা বেড়েছে। তিনি দাবি করেন, গত চার মাসে ৬০০ জনের বেশি মানুষ হত্যার শিকার হয়েছে।
তিনি আরও বলেন, রাজনৈতিক প্রতিশ্রুতি অনুযায়ী বিচার না হলে তা জনগণের সঙ্গে প্রতারণার শামিল হবে। সমাবেশে তিনি প্রশাসনিক নিয়োগ, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয়করণের অভিযোগও তোলেন। তার মতে, এসব কর্মকাণ্ড দেশকে পুনরায় একদলীয় শাসনের দিকে নিয়ে যাচ্ছে।
বিএনপিকে উদ্দেশ করে জামায়াতের আমির বলেন, “মজলুম থেকে জালেম হবেন না। বিচার নিশ্চিত করুন, নইলে জনগণ বিকল্প পথ খুঁজে নেবে।” তিনি আরও বলেন, দেশের মানুষ ন্যায়বিচার ও পরিবর্তনের জন্য আবারও আন্দোলনে নামতে পারে বলেও ইঙ্গিত দেন। সমাবেশে ১১ দলীয় জোটের নেতারা উপস্থিত ছিলেন।
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!