দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য ইন-হাউজ কোচিং ব্যবস্থা চালুর নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। একইসঙ্গে স্থানীয় ব্যবস্থাপনা কমিটির সঙ্গে আলোচনা করে শিক্ষকদের সম্মানী নির্ধারণের পরামর্শও দিয়েছেন তিনি।
আজ বুধবার (২৪ জুন) রাজধানীর আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজে ঢাকা, ময়মনসিংহ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।
মন্ত্রী বলেন, প্রিটেস্ট ও টেস্ট পরীক্ষার পাশাপাশি নিয়মিতভাবে শিক্ষার্থীদের জন্য ইন-হাউজ কোচিং কার্যক্রম চালু রাখতে হবে, যাতে তারা পরীক্ষার জন্য আরও ভালোভাবে প্রস্তুত হতে পারে।
শিক্ষাজীবনের সময়ক্ষেপণ কমাতে পরীক্ষার সময়সূচিতে পরিবর্তনের কথাও জানান তিনি। মন্ত্রী বলেন, দুই বছরের কোর্স শেষে দ্রুত পাবলিক পরীক্ষা নেওয়ার লক্ষ্যে কাজ চলছে। এর অংশ হিসেবে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা জানুয়ারিতে নেওয়ার পরিকল্পনা রয়েছে।
তিনি আরও জানান, চলতি বছরের এসএসসি পরীক্ষার ফল ২০ জুলাই প্রকাশের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। আগামী ২ জুলাই থেকে শুরু হবে এইচএসসি ও সমমান পরীক্ষা।
বর্তমান শিক্ষা কাঠামো নিয়ে উদ্বেগ প্রকাশ করে মন্ত্রী বলেন, শিক্ষার্থীরা দীর্ঘ সময় ধরে শিক্ষাজীবনে থাকায় তাদের উৎপাদনশীল সময় নষ্ট হচ্ছে, যা দেশের জনমিতিক সুবিধা (ডেমোগ্রাফিক ডিভিডেন্ড) কাজে লাগাতে বাধা সৃষ্টি করছে।
নকল ও প্রশ্নফাঁসের বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, সরকার এবার একক প্রশ্নপত্র ব্যবস্থা চালু করেছে এবং অনিয়ম হলে প্রতিষ্ঠানপ্রধানসহ সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনা হবে।
খাতা মূল্যায়ন প্রক্রিয়ায় স্বচ্ছতা বাড়াতে পরীক্ষক সংখ্যা বৃদ্ধি, প্রশিক্ষণ এবং সীমিত খাতা বরাদ্দের ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী।
সভায় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, সচিব এবং সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!