উত্তর কোরিয়ার নৌবাহিনীর সক্ষমতা আরও বাড়াতে ১০ হাজার টনের যুদ্ধজাহাজ তৈরির ঘোষণা দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। একইসঙ্গে আগামী পাঁচ বছরে নিয়মিতভাবে যুদ্ধজাহাজ নির্মাণের পরিকল্পনাও তুলে ধরেছেন তিনি।
মঙ্গলবার (২৩ জুন) দেশটির বন্দরনগরী নাম্পোতে ৫ হাজার টনের একটি ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ ‘চো হিয়ন’ নৌবাহিনীতে আনুষ্ঠানিকভাবে যুক্ত করার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিম জং উন। অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি জানান, উত্তর কোরিয়া এখন থেকে প্রতি বছর দুইটি করে ৫ হাজার টনের যুদ্ধজাহাজ নির্মাণ করবে। পাশাপাশি পাঁচ বছরের এই পরিকল্পনার আওতায় একটি ১০ হাজার টনের ক্রুজার যুদ্ধজাহাজও তৈরি করা হবে।
কিম জং উন বলেন, “আজ আমরা ৫ হাজার টনের ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ চো হিয়নকে কমিশন করলাম। শিগগিরই ‘ক্যাং কন’ নামের আরেকটি ডেস্ট্রয়ারও নৌবাহিনীতে যুক্ত করা হবে।” তিনি আরও বলেন, নৌবাহিনীকে আধুনিকায়নের অংশ হিসেবে যুদ্ধজাহাজ নির্মাণ কর্মসূচি জোরদার করা হবে এবং নৌবাহিনীকে পরমাণু অস্ত্রে সজ্জিত করার পরিকল্পনাও রয়েছে।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ জানিয়েছে, নতুন কমিশন হওয়া ‘চো হিয়ন’ যুদ্ধজাহাজটি দীর্ঘ ১৪ মাস পরীক্ষামূলক ব্যবহারের পর নৌবাহিনীতে যুক্ত করা হয়েছে। জাহাজটি দেশীয়ভাবে উন্নত শক্তিশালী অস্ত্রশস্ত্রে সজ্জিত বলে দাবি করা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, গত এপ্রিল মাসে ওই জাহাজ থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়েছিল।
কিম জং উন তার বক্তব্যে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক কার্যক্রমকে আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, এসব পরিস্থিতিতে সামরিক সক্ষমতা বৃদ্ধি ছাড়া বিকল্প নেই।
উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে উত্তর কোরিয়া ধারাবাহিকভাবে নৌ ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা বৃদ্ধির ঘোষণা দিয়ে আসছে। সূত্র : এএফপি, রয়টার্স, এনডিটিভি।
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!