বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর যাত্রাবাড়ী থানার এক হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর আবেদন করেছে পুলিশ।
শনিবার (২৩ মে) বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন। তিনি জানান, গত ১৬ মে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক মো. ইব্রাহীম খলিল আদালতে এই আবেদন করেন। বিষয়টি শুনানির জন্য ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের আদালতে উপস্থাপন করা হবে।
এর আগে গত বছরের ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে এ বি এম খায়রুল হককে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।
এদিকে একই ঘটনায় তার বিরুদ্ধে করা মামলায় সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া তাকে গ্রেপ্তার দেখানো বা হয়রানি না করতে নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। গত রোববার বিচারপতি রাজিক–আল–জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।
এর আগে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় করা একাধিক মামলায় তিনি জামিন পান। গত ১২ মে দুই মামলায় হাইকোর্ট তাকে জামিন দেন। পরবর্তীতে সেই আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে।
এ নিয়ে মোট সাতটি মামলায় জামিনের মধ্যে থাকা সাবেক প্রধান বিচারপতির বিরুদ্ধে নতুন করে আরেকটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করল পুলিশ।
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!