সুপ্রিম কোর্টের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেছে রাষ্ট্রপক্ষ। আজ বৃহস্পতিবার (২১ মে) বিষয়টি নিশ্চিত করেছেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।
এর আগে গত ৭ এপ্রিল সুপ্রিম কোর্টের জন্য স্বাধীন ও পৃথক সচিবালয় তিন মাসের মধ্যে প্রতিষ্ঠার নির্দেশ দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন হাইকোর্ট। একই রায়ে অধস্তন আদালতের বিচারকদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বিধান সুপ্রিম কোর্টের হাতে ফিরিয়ে দেওয়ার কথাও বলা হয়।
বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ১৮৫ পৃষ্ঠার ওই রায় প্রকাশ করেন।
রায়ে সরকারকে নির্দেশ দেওয়া হয়, সুপ্রিম কোর্ট কর্তৃপক্ষের প্রস্তাব অনুযায়ী বাংলাদেশ সুপ্রিম কোর্টের জন্য একটি স্বাধীন ও পৃথক সচিবালয় আদেশের তারিখ থেকে তিন মাসের মধ্যে প্রতিষ্ঠা করতে হবে।
রিটের পক্ষের আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, এই রায়ের ফলে নিম্ন আদালতের নিয়ন্ত্রণ সুপ্রিম কোর্টের ওপর ন্যস্ত থাকবে, রাষ্ট্রপতির ওপর নয়।
রায়ে সংবিধানের ১১৬ অনুচ্ছেদের সংশোধনী অবৈধ ঘোষণা করে ১৯৭২ সালের সংবিধানের ১১৬ অনুচ্ছেদ পুনর্বহাল করা হয়। পাশাপাশি ২০১৭ সালের জুডিশিয়াল সার্ভিস (শৃঙ্খলা) বিধিমালাকেও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হয়।
এছাড়া ২০১১ সালের পঞ্চদশ সংশোধনী ও ১৯৭৫ সালের চতুর্থ সংশোধনীর মাধ্যমে আনা পরিবর্তনগুলোও বাতিল ঘোষণা করা হয়।
হাইকোর্টের রায়ে বলা হয়, সংবিধানের বিভিন্ন সংশোধনী সাংঘর্ষিক হওয়ায় ১৯৭২ সালের মূল সংবিধান অনুযায়ী ১১৬ অনুচ্ছেদ স্বয়ংক্রিয়ভাবে পুনরুজ্জীবিত হবে।
উল্লেখ্য, ২০২৪ সালের ২৫ আগস্ট সুপ্রিম কোর্টের আইনজীবী সাদ্দাম হোসেনসহ সাতজন আইনজীবী পৃথক সচিবালয় প্রতিষ্ঠা ও সংশ্লিষ্ট বিধিমালার বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন। পরে প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট রুল জারি করে রায় দেন।
রাষ্ট্রপক্ষের আপিলের ফলে এখন বিষয়টি আপিল বিভাগে নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!