সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (সুপ্রিম কোর্ট বার) ২০২৬-২০২৭ মেয়াদের নির্বাচন শুরু হয়েছে। দুই দিনব্যাপী এ নির্বাচনের ভোটগ্রহণ আজ বুধবার (১৩ মে) সকাল ১০টা থেকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে শুরু হয়।
নির্বাচন চলবে বিকাল ৫টা পর্যন্ত, তবে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত এক ঘণ্টা বিরতি থাকবে। এবারের নির্বাচনে সভাপতি, সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির মোট ১৪টি পদে ভোট অনুষ্ঠিত হচ্ছে। মোট ৪০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটার রয়েছেন ১১ হাজার ৯৭ জন আইনজীবী।
নির্বাচনে বিএনপিপন্থি জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সমর্থিত ‘নীল প্যানেল’ থেকে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। সহ-সভাপতি পদে রয়েছেন মো. মাগফুর রহমান শেখ ও মো. শাহজাহান। সম্পাদক পদে মোহাম্মদ আলী এবং কোষাধ্যক্ষ পদে মো. জিয়াউর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এছাড়া সহ-সম্পাদক ও সদস্য পদে নীল প্যানেলের একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে জামায়াত-সমর্থিত ‘সবুজ প্যানেল’ থেকে সভাপতি পদে আবদুল বাতেন, সম্পাদক পদে এ কে এম রেজাউল করিম খন্দকার এবং কোষাধ্যক্ষ পদে এস এম জাহাঙ্গীর আলম প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচনে এনসিপি-সমর্থিত ‘লাল-সবুজ প্যানেল’ আংশিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে। এ প্যানেল থেকে সম্পাদক পদে আজমল হোসেন বাচ্চু এবং সহ-সম্পাদক পদে মোস্তফা আসগর শরীফী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
প্যানেলের বাইরে স্বতন্ত্র প্রার্থীদের মধ্যেও সভাপতি, সম্পাদক ও সদস্য পদে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন পরিচালনার জন্য হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরীর নেতৃত্বে একটি নির্বাচন উপ-কমিটি গঠন করা হয়েছে।
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!