যুক্তরাষ্ট্র   বৃহস্পতিবার ১৪ মে ২০২৬, বৃহস্পতিবার ৩০ বৈশাখ ১৪৩৩

স্থানীয় সরকার নির্বাচনের বিধিমালা সংস্কারে তুলনামূলক চিত্র তৈরির নির্দেশ

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৪ মে ২০২৬, ০৪:২৭ AM

স্থানীয় সরকার নির্বাচনের বিধিমালা সংস্কারে তুলনামূলক চিত্র তৈরির নির্দেশ

স্থানীয় সরকার নির্বাচনের বিধিমালা সংশোধনের অংশ হিসেবে বিভিন্ন বিধির তুলনামূলক চিত্র প্রস্তুতের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আইন ও বিধি সংশোধন সংস্কার কমিটির প্রধান ও জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ নির্দেশনা দেন।

বুধবার (১৩ মে) রাজধানীর নির্বাচন ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। বৈঠক শেষে জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার বলেন, বর্তমানে বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানের বিধিমালায় কী রয়েছে এবং সরকার আইন পরিবর্তনের মাধ্যমে কী ধরনের সংশোধন এনেছে—সে বিষয়ে স্পষ্ট ধারণা পেতে তুলনামূলক চিত্র তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি বলেন, দেশের সব স্থানীয় সরকার প্রতিষ্ঠানের জন্য একটি সমন্বিত ও সামঞ্জস্যপূর্ণ বিধিমালা প্রণয়ন করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। একই সঙ্গে আইন ও বিধির মধ্যে যেসব অসংগতি রয়েছে, সেগুলো চিহ্নিত করে সমন্বয়ের কাজও করা হবে।

এর আগে মঙ্গলবার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছিলেন, স্থানীয় সরকার নির্বাচনের বিধিমালায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনার বিষয় বিবেচনায় রয়েছে। এর মধ্যে জামানতের পরিমাণ বৃদ্ধি, পোস্টারভিত্তিক প্রচারণা বন্ধ এবং ইভিএম পদ্ধতি বাদ দেওয়ার মতো বিষয় রয়েছে।

ইসি সূত্রে জানা গেছে, চলতি বছরের মধ্যেই দেশের বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানে নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে। সংশোধিত আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে দ্রুত বিধিমালা সংস্কারের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।

নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তারা জানান, আগামী এক বছরের মধ্যে দেশের প্রায় চার হাজার ১০০ স্থানীয় সরকার প্রতিষ্ঠানে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ বড় পরিসরের নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইন ও বিধি সংশোধনের কাজকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
 

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!