যুক্তরাষ্ট্র   বৃহস্পতিবার ১৪ মে ২০২৬, বৃহস্পতিবার ৩০ বৈশাখ ১৪৩৩

মাদকের বিরুদ্ধে লড়াইয়ে সংস্কৃতিচর্চা বাড়ানোর আহ্বান সংস্কৃতিমন্ত্রীর

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৪ মে ২০২৬, ০৫:০৬ AM

মাদকের বিরুদ্ধে লড়াইয়ে সংস্কৃতিচর্চা বাড়ানোর আহ্বান সংস্কৃতিমন্ত্রীর

মাদকের বিরুদ্ধে লড়াইয়ে সংস্কৃতিচর্চা বাড়ানোর আহ্বান সংস্কৃতিমন্ত্রীর


মাদকের করাল গ্রাস থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে শিল্প ও সংস্কৃতির চর্চা বাড়ানোর আহ্বান জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

বুধবার গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার আমতলী ইউনিয়নে কবি সুকান্ত পাবলিক লাইব্রেরি কাম অডিটোরিয়াম প্রাঙ্গণে ‘কবি সুকান্ত মেলা ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, “জ্ঞানভিত্তিক সমাজ গড়তে হলে তরুণদের সংস্কৃতিচর্চায় আরও বেশি সম্পৃক্ত করতে হবে। মাদক থেকে দূরে রাখতে হলে শিল্প-সাহিত্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিকল্প নেই।”

তিনি আরও বলেন, শিক্ষা ব্যবস্থা ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করে দেশকে ধ্বংসের দিকে নেওয়া হয়েছিল। তবে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে ধ্বংসপ্রাপ্ত অবস্থা থেকে পুনর্গঠনের কাজ শুরু হয়েছে বলে দাবি করেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আরিফ-উজ-জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য এস এম জিলানী, জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকউজ্জামান ও উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন।

উদ্বোধন শেষে মন্ত্রী কবি সুকান্ত পাবলিক লাইব্রেরি কাম অডিটোরিয়াম পরিদর্শন করেন। পরে কোটালীপাড়া উদীচী ও শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ ছাড়া মেলা প্রাঙ্গণে বসেছে গ্রামীণ মেলা, যেখানে লোকজ খাদ্য ও কুটির শিল্পের নানা পসরা নিয়ে স্টল সাজানো হয়েছে। তিন দিনব্যাপী এ মেলা আগামী ১৫ মে পর্যন্ত চলবে।

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!