ফরিদপুরের আলফাডাঙ্গা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয়বারের মতো দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন রিয়াজুল ইসলাম রিয়াজ মুস্তাফিজ।
২০২৬-২০২৮ মেয়াদের এই নির্বাচনে আরও ছয়টি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তবে সভাপতি, সহসভাপতি ও সাধারণ সম্পাদক পদে ভোট হবে আগামী ৫ নভেম্বর।
ফরিদপুরের আলফাডাঙ্গা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির দ্বিবার্ষিক নির্বাচন ঘিরে এরই মধ্যে সাতটি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন প্রার্থীরা।
শনিবার, ১৭ অক্টোবর, নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক খান আসাদুজ্জামান টুনু বিষয়টি নিশ্চিত করেন।
নির্বাচন পরিচালনা কমিটি
সূত্রে জানা গেছে, মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সব প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। সাতটি পদে একাধিক প্রার্থী না থাকায় তাঁদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
দপ্তর সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন রিয়াজুল ইসলাম রিয়াজ। এ নিয়ে দ্বিতীয়বারের মতো এই দায়িত্ব পেলেন তিনি।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত অন্যরা হলেন—যুগ্ম সাধারণ সম্পাদক পদে আলহাজ কামরুল হক ভূঁইয়া, কোষাধ্যক্ষ পদে মো. আবুল বাশার, সাংগঠনিক সম্পাদক পদে মুজাহিদুল ইসলাম নাঈম, যুব ও ক্রীড়া সম্পাদক পদে ইনামুল হক রুবেল এবং কার্যকরী সদস্য পদে মো. শাহিদুল ইসলাম ও এস এম কুবাদ হোসেন।
নব নির্বাচিত দপ্তর সম্পাদক রিয়াজুল ইসলাম রিয়াজ বলেন,
“আলফাডাঙ্গা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক পদে আমাকে নির্বাচিত করায় আমি অত্যন্ত আনন্দিত ও সম্মানিত। আমার প্রতি আস্থা রাখার জন্য প্রেসক্লাবের সম্মানিত সদস্য ও সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা
সাংবাদিকদের পেশাগত মর্যাদা, অধিকার ও ঐক্য রক্ষায় প্রেসক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নতুন দায়িত্বে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে চাই। প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতা জোরদার করতে সর্বোচ্চ চেষ্টা করব। এ জন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।”
এদিকে, প্রেসক্লাবের সভাপতি, সহসভাপতি ও সাধারণ সম্পাদক পদে আগামী ৫ নভেম্বর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।
সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন মো. সেকেন্দার শেখ ও সৈয়দ আমিনুর রহমান। সহসভাপতি পদে লড়বেন তাজমিনুর রহমান তুহিন ও আজিজুর রহমান দুলাল। আর সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন মো. তামিম আহমেদ মিলন ও গোলাম আজম মনির।
১৯৮৫ সালে প্রতিষ্ঠিত আলফাডাঙ্গা প্রেসক্লাবটি স্থানীয় সাংবাদিকদের দীর্ঘদিনের ঐতিহ্যবাহী সংগঠন। নির্বাচিত নতুন কার্যনির্বাহী কমিটি ২০২৬-২০২৮ মেয়াদে দায়িত্ব পালন করবে।
আলফাডাঙ্গা প্রেসক্লাবের বাকি তিনটি গুরুত্বপূর্ণ পদে ভোটের মধ্য দিয়ে চূড়ান্ত হবে নেতৃত্ব। এখন সবার নজর ৫ নভেম্বরের নির্বাচনের দিকে।
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!