যুক্তরাষ্ট্র   বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬, বৃহস্পতিবার ২৮ শ্রাবণ ১৪৩৩

আগামী বছরের মধ্যে বসিলা ও রায়েরবাজারে পৃথক দুটি থানা চালু হবে: ববি হাজ্জাজ

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৩ আগস্ট ২০২৬, ০৫:৩৭ AM

আগামী বছরের মধ্যে বসিলা ও রায়েরবাজারে পৃথক দুটি থানা চালু হবে: ববি হাজ্জাজ

ঢাকা-১৩ আসনের বসতি ও জনসংখ্যা বিবেচনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদার করতে আগামী ২০২৭ সালের মধ্যে বসিলা ও রায়েরবাজারে পৃথক দুটি থানা চালু করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এবং স্থানীয় সংসদ সদস্য ববি হাজ্জাজ।

আজ বুধবার রাজধানীর বসিলা এলাকায় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সরাসরি যোগাযোগ বাড়াতে আয়োজিত ‘মন্ত্রীর সাথে চা, ঠিকানা আপনার বাসা’ শীর্ষক কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

ববি হাজ্জাজ বলেন, মোহাম্মদপুর থানা ঢাকা শহরের অন্যতম বড় জনবহুল এলাকা। বিশাল এই এলাকার মানুষের নিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা নিশ্চিত করতে পুলিশি সক্ষমতা বাড়ানো জরুরি। এ লক্ষ্যেই বসিলা ও রায়েরবাজারের বাসিন্দাদের জন্য পৃথক দুটি থানা প্রতিষ্ঠার প্রশাসনিক উদ্যোগ নেওয়া হয়েছে। ২০২৭ সালের মধ্যে থানা দুটির কার্যক্রম পুরোপুরি চালু করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অপরাধ দমনে বসিলা ব্রিজে বিট পুলিশিং

কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধ দমনে সরকারের কঠোর অবস্থানের কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, গত কয়েক মাসে এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।

তবে পার্শ্ববর্তী কেরানীগঞ্জসহ বিভিন্ন এলাকা থেকে অপরাধীরা এসে বসিলা বা মোহাম্মদপুরে অপরাধ করে যাতে সহজে পালিয়ে যেতে না পারে, সে জন্য বসিলা ব্রিজ এলাকায় শক্তিশালী বিট পুলিশিং ব্যবস্থা গড়ে তোলার নির্দেশ দেওয়া হয়েছে।

মোহাম্মদপুরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের পাশাপাশি এলাকার শিক্ষাব্যবস্থার আধুনিকায়নের কথাও তুলে ধরেন ববি হাজ্জাজ।

তিনি জানান, মোহাম্মদপুরে শিগগিরই একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হচ্ছে।

প্রাথমিক শিক্ষা খাতের শৃঙ্খলা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, দেশের কোনো সরকারি বা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি পরীক্ষার নিয়ম নেই। কোনো বেসরকারি প্রতিষ্ঠান ভর্তি পরীক্ষার আয়োজন করলে তা বেআইনি হবে।

আগামী এক থেকে দেড় বছরের মধ্যে দেশের সব বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে কার্যকর নিবন্ধন ও আইনি কাঠামোর আওতায় আনা হবে বলেও জানান তিনি।

‘মানুষের ঘরে গিয়ে সমস্যা শুনতে হবে’

জনপ্রতিনিধিদের সরাসরি জনগণের কাছে যাওয়ার ওপর গুরুত্ব দিয়ে ববি হাজ্জাজ বলেন, শুধু অফিসে বসে কিংবা সংসদে কথা বললেই জনপ্রতিনিধির দায়িত্ব শেষ হয় না। মানুষের ঘরে গিয়ে তাঁদের জীবনযাত্রার বাস্তব সমস্যা শুনতে হবে।

ঢাকা-১৩ আসনকে নিরাপদ, আধুনিক ও আদর্শ আবাসিক এলাকা হিসেবে গড়ে তোলার লক্ষ্য রয়েছে জানিয়ে তিনি বলেন, এমন একটি পরিবেশ তৈরি করতে হবে, যেখানে দেশের বিভিন্ন এলাকার মানুষ এখানে বসবাসের স্বপ্ন দেখবেন।

মতবিনিময় অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দারা নিরাপত্তা, গ্যাস, পানি, বিদ্যুৎ ও পরিবেশসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। প্রতিমন্ত্রী তাঁদের বক্তব্য শোনেন এবং সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!