যুক্তরাষ্ট্র   বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬, বৃহস্পতিবার ২৮ শ্রাবণ ১৪৩৩

শপিংমল-মার্কেট রাত ৮টার মধ্যে বন্ধ, আলোকিত বিলবোর্ড বন্ধ হবে সন্ধ্যা ৭টায়

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৩ আগস্ট ২০২৬, ০৫:৪৭ AM

শপিংমল-মার্কেট রাত ৮টার মধ্যে বন্ধ, আলোকিত বিলবোর্ড বন্ধ হবে সন্ধ্যা ৭টায়

বিদ্যুৎ সাশ্রয়ে দেশের বিভিন্ন শপিংমল, মার্কেট ও দোকান রাত ৮টার মধ্যে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে সব ধরনের আলোকিত বিলবোর্ড সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ এবং আলোকসজ্জা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

আজ বুধবার, ১২ আগস্ট থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে। বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখা থেকে জারি করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, এর আগে গত ১১ জুন থেকে দেশের বিভিন্ন শপিংমল, মার্কেট ও দোকান রাত ৯টা পর্যন্ত খোলা রাখার সরকারি সিদ্ধান্ত কার্যকর ছিল। নতুন সিদ্ধান্তের ফলে দোকানপাট বন্ধের সময় এক ঘণ্টা এগিয়ে আনা হয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, শপিংমল, মার্কেট ও দোকান সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে। একই সময়সীমা দেশের বিভিন্ন স্থানে চলমান ও অনুষ্ঠেয় মেলা, বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

আলোকসজ্জা ও বিলবোর্ডে নিষেধাজ্ঞা

বিদ্যুৎ সাশ্রয়ের অংশ হিসেবে সব ধরনের আলোকসজ্জা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সব ধরনের আলোকিত বিলবোর্ড সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করতে বলা হয়েছে।

সরকারি নির্দেশনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্ধারিত সময়ের মধ্যে দোকানপাট ও মার্কেট বন্ধ করা, আলোকিত বিলবোর্ড বন্ধ এবং মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান রাত ৮টার মধ্যে শেষ করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

জরুরি সেবা থাকবে আওতামুক্ত

তবে খাবারের দোকান, হাসপাতাল, ওষুধের দোকানসহ জরুরি সেবার সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো এই সময়সীমার বাইরে থাকবে।

বিদ্যুৎ সাশ্রয় ও বিদ্যুতের চাহিদা নিয়ন্ত্রণে রাখতে সরকারের পক্ষ থেকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও কর্তৃপক্ষকে নতুন নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!