যুক্তরাষ্ট্র   সোমবার ১৮ মে ২০২৬, সোমবার ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

বিশ্বকাপের আগে ইয়ামালকে নিয়ে স্বস্তির খবর পেল স্পেন

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৭ মে ২০২৬, ০৬:০১ AM

১০
বিশ্বকাপের আগে ইয়ামালকে নিয়ে স্বস্তির খবর পেল স্পেন

বিশ্বকাপ সামনে রেখে স্পেন শিবিরে লামিনে ইয়ামালের ইনজুরি নিয়ে যে উদ্বেগ তৈরি হয়েছিল, তা অনেকটাই কেটে গেছে। তরুণ এই উইঙ্গারের দ্রুত সেরে ওঠায় স্বস্তি ফিরেছে কোচ লুইস দে লা ফুয়েন্তে ও সমর্থকদের মাঝে।

ক্লাব মৌসুমের শেষ দিকে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন ইয়ামাল। শুরুতে ধারণা করা হয়েছিল, তাকে ছয় থেকে আট সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে। তবে সবশেষ চিকিৎসা ও পুনর্বাসন প্রক্রিয়ায় তার অগ্রগতি প্রত্যাশার চেয়েও দ্রুত হচ্ছে।

মুন্দো দেপোর্তিভো জানিয়েছে, বার্সেলোনা ও স্পেন জাতীয় দলের মেডিক্যাল স্টাফরা গত শুক্রবার ক্লাবের ট্রেনিং সুবিধায় ইয়ামালের শারীরিক অবস্থা মূল্যায়ন করেছেন। পরীক্ষায় তার উন্নতি সন্তোষজনক বলে উল্লেখ করা হয়েছে।

মেডিক্যাল টিমের ধারণা, বড় কোনো জটিলতা না হলে বিশ্বকাপের আগেই পুরোপুরি ফিট হয়ে উঠতে পারেন এই তরুণ ফরোয়ার্ড।

তবে তাকে নিয়ে কোনো ধরনের ঝুঁকি নিতে চাইছে না স্পেন। ইরাক ও পেরুর বিপক্ষে আসন্ন প্রীতি ম্যাচে তাকে মাঠে না নামানোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানা গেছে।

প্রাথমিকভাবে আশঙ্কা ছিল, গ্রুপ পর্বের শুরুতেও ইয়ামালকে নাও পাওয়া যেতে পারে। তবে বর্তমান পরিস্থিতি বলছে, আগামী ১৫ জুন কেপভার্দের বিপক্ষে বিশ্বকাপে স্পেনের প্রথম ম্যাচেই তাকে দলে পাওয়া যেতে পারে।

ইনজুরি নিয়ে দুশ্চিন্তা কাটায় এখন বিশ্বকাপের পরিকল্পনায় কিছুটা স্বস্তি ফিরে পেয়েছে স্পেন শিবির।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!