যুক্তরাষ্ট্র   সোমবার ১৮ মে ২০২৬, সোমবার ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

জনগণের প্রতিশ্রুতি তিন মাসেই বাস্তবায়ন হচ্ছে: পানিসম্পদ মন্ত্রী

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৭ মে ২০২৬, ০৪:৫৪ AM

১০
জনগণের প্রতিশ্রুতি তিন মাসেই বাস্তবায়ন হচ্ছে: পানিসম্পদ মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছেন, তা মাত্র তিন মাসের মধ্যেই পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হচ্ছে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

শনিবার বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলার কুশাখালী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। এর মাধ্যমে উপকারভোগী পরিবারগুলো প্রতি মাসে আড়াই হাজার টাকা করে সহায়তা পাবে।

তিনি জানান, লক্ষ্মীপুরে ইতোমধ্যে ১ হাজার ২৫১টি পরিবার এই কার্ডের আওতায় এসেছে। প্রতিটি পরিবার নিয়মিতভাবে মাসিক সহায়তা পাবে বলে তিনি উল্লেখ করেন।

শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, সরকারের লক্ষ্য হলো সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন এবং অর্থনৈতিক সহায়তা নিশ্চিত করা। ফ্যামিলি কার্ড কর্মসূচি সেই লক্ষ্য বাস্তবায়নের একটি অংশ।

তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল খনন কর্মসূচির মাধ্যমে দেশে কর্মসংস্থান সৃষ্টি করেছিলেন। একই সঙ্গে জলাবদ্ধতা নিরসন ও খাল-নদীর সংযোগ পুনঃস্থাপনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন বলে তিনি মন্তব্য করেন।

অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড বিতরণের উদ্বোধন করা হয়। এ সময় প্রধানমন্ত্রীর উদ্বোধনের সঙ্গে সঙ্গে উপকারভোগীদের মোবাইল অ্যাকাউন্টে অর্থ পৌঁছানোর বার্তা আসে, যা উপস্থিত মানুষের মধ্যে উৎসাহ ও উচ্ছ্বাস সৃষ্টি করে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া, লক্ষ্মীপুর-১ আসনের শাহাদাত হোসেন সেলিম, জেলা প্রশাসক এইচ এম মেহেদী, জেলা পুলিশ সুপার আবু তারেক, জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন সাবু, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমানসহ প্রশাসন ও স্থানীয় রাজনৈতিক নেতারা।

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!