যুক্তরাষ্ট্র   সোমবার ১৮ মে ২০২৬, সোমবার ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে গঙ্গা চুক্তি নবায়ন করা হবে: তথ্যমন্ত্রী

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৭ মে ২০২৬, ০৫:০৭ AM

জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে গঙ্গা চুক্তি নবায়ন করা হবে: তথ্যমন্ত্রী

আগামী ডিসেম্বর মাসে গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে তা নবায়নের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

শনিবার বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে মওলানা ভাসানীর ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে ভাসানী জনশক্তি পার্টি।

তথ্যমন্ত্রী বলেন, উজান ও ভাটির দেশের নদী ও পানি সমস্যার সমাধানে আন্তর্জাতিক চুক্তি ও প্রোটোকল অনুযায়ী সরকার সম্মিলিত কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে। এর মাধ্যমে বাংলাদেশের পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করে গঙ্গা চুক্তি নবায়নের কাজ এগিয়ে নেওয়া হবে।

তিনি বলেন, নদী ও পানি বণ্টনের বিষয়টি শুধু চুক্তির ওপর নির্ভর করে না, বরং দুই দেশের পারস্পরিক কূটনৈতিক সম্পর্ক ও সমঝোতার ওপরও নির্ভরশীল। বর্তমান সরকার এ বিষয়ে বাস্তবভিত্তিক ও কার্যকর উদ্যোগ নিচ্ছে।

মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর অবদান স্মরণ করে জহির উদ্দিন স্বপন বলেন, ভাসানী ছিলেন জনগণের স্বার্থ ও ঐক্যের রাজনীতির প্রতীক। তিনি সময়ের আগেই নদী ও পানিসংকটের গুরুত্ব অনুধাবন করেছিলেন।

তিনি আরও বলেন, ভাসানী ধর্মীয় মূল্যবোধ ও জনগণের ঐক্যের ভিত্তিতে একটি অসাম্প্রদায়িক সমাজ গঠনের কথা বলতেন। তার রাজনৈতিক দর্শন আজও প্রাসঙ্গিক।

তথ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার ভাসানীর চিন্তা ও আদর্শকে ধারণ করে কাজ করছে এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। তিনি জাতীয় স্বার্থে সকল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলুর সভাপতিত্বে এবং দলের মহাসচিব ড. আবু ইউসুফ সেলিমের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!