দেশে একটি মহল রাজনীতির নামে বিভ্রান্তি ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জনগণকে এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
শনিবার বিকেলে চাঁদপুর সরকারি কলেজ মাঠে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, “দেশে একটি মহল রাজনীতির নামে বিভ্রান্তি ছড়াচ্ছে, আপনারা সতর্ক থাকুন।”
তিনি বলেন, বিএনপি সবসময় দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের রাজনীতি করে এসেছে। এ প্রসঙ্গে তিনি বলেন, দলের রাজনৈতিক কর্মসূচির মধ্যে রয়েছে খাল খনন, কৃষি উৎপাদন বৃদ্ধি, শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগ।
জনগণের উদ্দেশে তিনি বলেন, কেউ যদি রাজনীতির নামে বিশৃঙ্খলা বা অরাজকতা সৃষ্টি করতে চায়, তাহলে জনগণকে তা প্রতিহত করতে হবে।
তিনি আরও বলেন, দেশের মানুষ এখন নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব দিয়েছে এবং সেই দায়িত্ব পালন করাই এখন সরকারের মূল লক্ষ্য। “এখন সময় কাজ করার, দেশ গড়ার,”—বলেন তিনি।
অনুষ্ঠানে চাঁদপুরসহ আরও ২০টি জেলায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এতে প্রায় ১৫ হাজার নারী উপকারভোগীকে আড়াই হাজার টাকা করে সহায়তা দেওয়া হয়।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত, জাতীয় সংগীত এবং দলীয় সংগীত পরিবেশিত হয়। পরে ১০ জন নারী উপকারভোগীর হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন প্রধানমন্ত্রী।
প্রযুক্তির মাধ্যমে উদ্বোধনের সময় ল্যাপটপের বোতাম টেপার সঙ্গে সঙ্গে উপকারভোগীদের মোবাইল অ্যাকাউন্টে অর্থ পৌঁছে যায় বলে জানানো হয়, যা উপস্থিতদের মধ্যে উচ্ছ্বাস সৃষ্টি করে।
প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সরকার ধাপে ধাপে উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করছে। তিনি চাঁদপুরে ইপিজেড, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনসহ বিভিন্ন উন্নয়ন উদ্যোগে নীতিগত সমর্থনের কথাও জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন। আরও উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী আনম এহছানুল হক মিলন, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন, বিভিন্ন সংসদ সদস্য ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।
ফ্যামিলি কার্ড পাওয়া উপকারভোগীরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!