যুক্তরাষ্ট্র   সোমবার ১৮ মে ২০২৬, সোমবার ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

অনলাইন ডাটাবেজ আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: দীপেন দেওয়ান

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৭ মে ২০২৬, ০৫:০৫ AM

অনলাইন ডাটাবেজ আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: দীপেন দেওয়ান

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান বলেছেন, টার্মিনাল ও যানবাহন সংক্রান্ত আধুনিক অনলাইন ডাটাবেজ জেলা পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শনিবার বিকেলে জেলা পুলিশের উদ্যোগে রাঙ্গামাটি শহরের লেক ভিউ গার্ডেন এলাকায় অনলাইন বাস টার্মিনাল ও সিএনজি থ্রি-হুইলারের ডিজিটাল ডাটাবেজ এবং ট্রাফিক সচেতনতা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বাস টার্মিনাল ও সিএনজি থ্রি-হুইলারের ডিজিটাল ডাটাবেজ তৈরি হলে যানবাহনসংক্রান্ত সব তথ্য প্রশাসনের কাছে সহজলভ্য হবে, যা অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে সহায়ক হবে।

দীপেন দেওয়ান বলেন, পর্যটন শহর রাঙ্গামাটিকে আরও সুন্দর ও নিরাপদ রাখতে সরকারের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। পৌরসভাকে জনবান্ধব শহর হিসেবে গড়ে তুলতে কাজ চলছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, পর্যটন শহরে যানজট নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিত করা এখন গুরুত্বপূর্ণ বিষয়। এ জন্য সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব সভাপতিত্ব করেন। অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরীর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাজমা আশরাফী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, সিনিয়র সহ-সভাপতি ও সাবেক মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, সহ-সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির, রাঙ্গামাটি প্রেসক্লাবের সভাপতি আনোয়ার আল হক ও সাধারণ সম্পাদক মুহাম্মদ ইলিয়াছসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

পরে মন্ত্রী শহরের সিএনজি ও মোটরসাইকেল চালকদের মাঝে সচেতনতামূলক স্টিকার বিতরণ করেন এবং হেলমেট প্রদান করেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!