“বিদায় বলবেন না, বরং বলুন আবার দেখা হবে”—এভাবেই আবেগঘন বক্তব্যে বাংলাদেশে দায়িত্ব শেষে বিদায় নিয়েছেন নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।
শনিবার (১৬ মে) রাজধানীর ইন্ডিয়া হাউসে গণমাধ্যমকর্মীদের সম্মানে আয়োজিত বিদায় সংবর্ধনায় তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে তার সহধর্মিণী মনু ভার্মাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আলাপচারিতা, স্মৃতিচারণ ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে অতিথিদের সঙ্গে সময় কাটান বিদায়ী হাইকমিশনার দম্পতি।
প্রণয় ভার্মা বলেন, বাংলাদেশ তার কর্মজীবনের অন্যতম প্রিয় কর্মস্থল হয়ে থাকবে। দায়িত্ব পালনকালে এখানকার মানুষের উষ্ণতা, আন্তরিকতা ও বন্ধুত্ব তাকে গভীরভাবে ছুঁয়ে গেছে।
তিনি বলেন, বাংলাদেশের মানুষের ভালোবাসা ও সহযোগিতার কারণে এই সময়টি তার জীবনের একটি বিশেষ ও স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে। “বিদায় নয়, বরং বলুন আবার দেখা হবে”—এই বাক্যটি তিনি অনুষ্ঠানে একাধিকবার উল্লেখ করেন।
সম্প্রতি প্রণয় ভার্মা বেলজিয়াম ও ইউরোপীয় ইউনিয়নে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন। চলতি মাসের শেষ দিকে তার ঢাকা ছাড়ার কথা রয়েছে।
প্রণয় ভার্মা ২০২২ সালের ২১ সেপ্টেম্বর বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি ভিয়েতনামে ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।
এদিকে, বাংলাদেশে ভারতের পরবর্তী হাইকমিশনার হিসেবে দীনেশ ত্রিবেদীকে নিয়োগ দিয়েছে ভারত সরকার। আগামী জুনের মাঝামাঝি তিনি ঢাকায় এসে দায়িত্ব গ্রহণ করবেন বলে জানা গেছে।
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!