যুক্তরাষ্ট্র   সোমবার ১৮ মে ২০২৬, সোমবার ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

ঈদের আগে ৩১০০ কোটি টাকা রপ্তানি প্রণোদনা ছাড়, বড় অংশ পেয়েছে তৈরি পোশাক খাত

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৭ মে ২০২৬, ০৫:১৫ AM

ঈদের আগে ৩১০০ কোটি টাকা রপ্তানি প্রণোদনা ছাড়, বড় অংশ পেয়েছে তৈরি পোশাক খাত

ঈদের আগে রপ্তানিমুখী শিল্পের জন্য স্বস্তির খবর দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রপ্তানি খাতের বকেয়া নগদ প্রণোদনা (ক্যাশ ইনসেনটিভ) বাবদ ৩ হাজার ১০০ কোটি টাকা পরিশোধ করা হয়েছে। শনিবার (১৬ মে) বাংলাদেশ ব্যাংক এ তথ্য নিশ্চিত করেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের ৩০ এপ্রিল পর্যন্ত জমা হওয়া সব আবেদন নিষ্পত্তি করে এ অর্থ পরিশোধ করা হয়েছে। এতে সবচেয়ে বেশি সুবিধা পেয়েছে দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্প। মোট প্রণোদনার প্রায় ৯৩ দশমিক ৫ শতাংশ, অর্থাৎ প্রায় ২ হাজার ৯০০ কোটি টাকা পেয়েছে এই খাত। অবশিষ্ট অর্থ পাট ও পাটজাত পণ্যের রপ্তানিকারকদের মধ্যে বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক বলছে, সময়মতো প্রণোদনার অর্থ ছাড়ের ফলে রপ্তানিকারকদের তারল্য পরিস্থিতির উন্নতি হবে। একই সঙ্গে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা বাড়বে এবং রপ্তানি খাতের গতি বজায় থাকবে।

কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, রপ্তানি আয় বৃদ্ধি ও বৈদেশিক মুদ্রার প্রবাহ শক্তিশালী করতে সরকার বিভিন্ন সময়ে নগদ সহায়তা দিয়ে আসছে। নির্ধারিত নীতিমালার আওতায় রপ্তানিকারকেরা রপ্তানির বিপরীতে এই প্রণোদনা পেয়ে থাকেন।

ব্যবসায়ীরা বলছেন, দীর্ঘদিন ধরে প্রণোদনা পরিশোধে বিলম্ব হওয়ায় রপ্তানিমুখী খাতে চাপ তৈরি হয়েছিল। তবে চলতি অর্থবছরে বকেয়া নিষ্পত্তির উদ্যোগ সেই চাপ অনেকটাই কমাবে এবং বিনিয়োগ ও উৎপাদন কার্যক্রমে গতি আনবে।

চলতি অর্থবছরের প্রথমার্ধের মতো জানুয়ারি থেকে জুন পর্যন্ত রপ্তানি প্রণোদনা ও নগদ সহায়তা অব্যাহত রয়েছে। পণ্যভেদে ০.৩ শতাংশ থেকে সর্বোচ্চ ১০ শতাংশ পর্যন্ত নগদ সহায়তা দেওয়া হচ্ছে। মোট ৪৩টি পণ্য ও সেবা খাত এই সুবিধার আওতায় রয়েছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!