ত্রয়োদশ জাতীয় সংসদে অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। হবিগঞ্জ-১ আসনের বিএনপির সংসদ সদস্য রেজা কিবরিয়াকে সভাপতি করে বুধবার (৯ সেপ্টেম্বর) এই কমিটি গঠন করা হয়।
এ নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদে এ পর্যন্ত গঠিত সংসদীয় কমিটির সংখ্যা দাঁড়াল ৪৬টি। এ ছাড়া অর্থ মন্ত্রণালয় ও ধর্মবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত দুটি বিদ্যমান সংসদীয় কমিটি পুনর্গঠন করা হয়েছে। এতে কমিটি দুটির কয়েকজন সদস্যের পদে পরিবর্তন আনা হয়েছে।
বুধবার সংসদে চিফ হুইপ নূরুল ইসলাম মনি একটি কমিটি গঠন এবং বিদ্যমান দুটি কমিটি পুনর্গঠনের প্রস্তাব দেন। পরে কণ্ঠভোটে তাঁর প্রস্তাবগুলো পাস হয়।
জাতীয় সংসদে মোট ৫০টি সংসদীয় কমিটি রয়েছে। এর মধ্যে মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটি ৩৯টি এবং বিষয়ভিত্তিক কমিটি ১১টি। তবে মোট ৫০টি কমিটির মধ্যে এখন পর্যন্ত ৪৬টি গঠন করা হয়েছে।
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!