যুক্তরাষ্ট্র   বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬, বৃহস্পতিবার ২৮ শ্রাবণ ১৪৩৩

প্রবাসী ভোটার নিবন্ধন সহজ করতে ইসির উদ্যোগ, কমছে একটি ধাপ

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ২২ জুলাই ২০২৬, ০৪:১৯ AM

৩৪
প্রবাসী ভোটার নিবন্ধন সহজ করতে ইসির উদ্যোগ, কমছে একটি ধাপ

প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত করতে নতুন উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন ব্যবস্থায় আবেদনকারীদের বায়োমেট্রিক তথ্য সরাসরি আপলোডের সুযোগ রাখা হচ্ছে, ফলে নিবন্ধন প্রক্রিয়া থেকে একটি ধাপ কমে যাবে।

মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ। তিনি বলেন, বর্তমানে প্রবাসীদের ভোটার নিবন্ধনে আবেদন জমা ও বায়োমেট্রিক দেওয়ার পর বিষয়টি তদন্তের জন্য পাঠানো হয়। তদন্ত শেষ হওয়ার পর বায়োমেট্রিক তথ্য আপলোড করা হয়। নতুন ব্যবস্থায় আবেদনকারীরা বায়োমেট্রিক তথ্য সরাসরি আপলোড করবেন। এরপর তদন্তে তথ্য সঠিক পাওয়া গেলে কমিশন থেকেই অনুমোদন দেওয়া হবে।

ইসি সচিবের ভাষ্য, এতে নিবন্ধন প্রক্রিয়ার একটি ধাপ কমে যাবে এবং সেবা আরও দ্রুত দেওয়া সম্ভব হবে। ব্রিফিংয়ে তিনি জানান, ভোটার এলাকা (মাইগ্রেশন) পরিবর্তনের আবেদনও পুরোপুরি অনলাইনে গ্রহণের সিদ্ধান্ত হয়েছে। এ সেবার জন্য নির্ধারিত সংশোধন ফি দিতে হবে।

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নবায়নেও কিছু পরিবর্তনের প্রস্তাব রয়েছে বলে জানান ইসি সচিব। তিনি বলেন, ১৫ বছর পর এনআইডি নবায়নের সময় নির্ধারিত ফরমে পরিবারের সদস্যদের তথ্য বা ‘ফ্যামিলি ট্রি’ যুক্ত করার প্রস্তাব করা হয়েছে, যাতে তথ্যের সামঞ্জস্য নিশ্চিত করা যায়।

এ ছাড়া জেএসসি, এসএসসি বা অন্যান্য পাবলিক পরীক্ষার সনদে উল্লেখ থাকা জন্মতারিখের ভিত্তিতে স্থানীয় পর্যায়ের কর্মকর্তাদের জন্মতারিখ সংশোধনের ক্ষমতা দেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি। বর্তমানে এ ধরনের সংশোধনের কাজ কেন্দ্রীয়ভাবে করা হয়।

আখতার আহমেদ বলেন, বর্তমানে ১৬ বছর বা তার বেশি বয়সীদের এনআইডির জন্য তথ্য সংগ্রহ করা হয়। পরে ১৮ বছর পূর্ণ হলে তারা স্বয়ংক্রিয়ভাবে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হন। এর আগে পর্যন্ত তথ্য ডরম্যান্ট অবস্থায় থাকে।

তবে তথ্য সংগ্রহের বয়সসীমা আরও নিচে নামানো যায় কি না, তা নিয়ে কমিশন পর্যালোচনা করছে। এসএসসি, অষ্টম শ্রেণি কিংবা প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি—কোন স্তর থেকে তথ্য সংগ্রহ শুরু করা হবে, সে বিষয়ে তুলনামূলক বিশ্লেষণের পর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান ইসি সচিব।

আরএস-রাসেল
 

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!