যুক্তরাষ্ট্র   শুক্রবার ১৩ নভেম্বর ২০২৬, শুক্রবার ২৮ কার্তিক ১৪৩৩

জলবায়ু প্রতিশ্রুতি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ ও পর্যাপ্ত অর্থায়ন নিশ্চিতের আহ্বান

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৬, ০৫:১৭ AM

৪
জলবায়ু প্রতিশ্রুতি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ ও পর্যাপ্ত অর্থায়ন নিশ্চিতের আহ্বান

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আন্তর্জাতিক সম্মেলনে গৃহীত ঘোষণা ও প্রতিশ্রুতিকে বাস্তব পদক্ষেপে রূপান্তরের আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। একই সঙ্গে স্বল্পোন্নত ও জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য পর্যাপ্ত, সহজলভ্য ও পূর্বানুমানযোগ্য অর্থায়ন নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের ৩১তম জলবায়ু পরিবর্তন সম্মেলন (কপ৩১)-এর ব্লু জোনে নেপাল প্যাভিলিয়নে আয়োজিত এক বৈঠকে বক্তব্য দিতে গিয়ে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। ‘এলডিসি পার্লামেন্টারিয়ানস অ্যাট কপ৩১ : টার্নিং ক্লাইমেট ডিক্লারেশনস ইনটু অ্যাকশন’ শীর্ষক বৈঠকটি আয়োজন করে ‘পার্লামেন্টারিয়ানস ফর আ ফসিল-ফ্রি ফিউচার’ নেটওয়ার্ক।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ শুক্রবার এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকে শেখ ফরিদুল ইসলাম বলেন, জলবায়ু সংকটের জন্য ঐতিহাসিকভাবে বেশি দায়ী দেশগুলোকে তাদের আন্তর্জাতিক অঙ্গীকার বাস্তবায়নে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে। বাংলাদেশসহ স্বল্পোন্নত দেশগুলো বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণে তুলনামূলকভাবে কম দায়ী হলেও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

তিনি বলেন, ঘূর্ণিঝড়, বন্যা, খরা, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও লবণাক্ততা এসব দেশের খাদ্যনিরাপত্তা, কৃষি, জীবিকা ও অবকাঠামোর জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। এ পরিস্থিতিতে জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর স্বার্থ সুরক্ষায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করা জরুরি।

প্রতিমন্ত্রী বলেন, ২০২৬ সালের এলডিসি দিল্লি মন্ত্রীপর্যায়ের জলবায়ু ঘোষণা স্বল্পোন্নত দেশগুলোর অভিন্ন স্বার্থ ও অগ্রাধিকার তুলে ধরার গুরুত্বপূর্ণ ভিত্তি। তবে এ ঘোষণার লক্ষ্য বাস্তবায়নে আন্তর্জাতিক আলোচনার পাশাপাশি জাতীয় পর্যায়ে আইন প্রণয়ন, নীতি সংস্কার, বাজেট বরাদ্দ ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে সংসদ সদস্যদের সক্রিয় ভূমিকা প্রয়োজন।

জলবায়ু অর্থায়নের বিষয়ে শেখ ফরিদুল ইসলাম বলেন, উন্নত দেশগুলোর আন্তর্জাতিক প্রতিশ্রুতির সঙ্গে অর্থায়নের বাস্তবতার সামঞ্জস্য থাকতে হবে। অভিযোজন, প্রশমন এবং জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলায় অনুদানভিত্তিক অর্থায়ন বাড়াতে হবে। জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর ওপর অতিরিক্ত ঋণের বোঝা না চাপিয়ে অর্থায়ন ব্যবস্থাকে স্বচ্ছ, ন্যায্য ও সহজলভ্য করতে হবে।

প্রযুক্তি হস্তান্তর, সক্ষমতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে জলবায়ু সহনশীলতা তৈরিতেও আন্তর্জাতিক সহায়তা বাড়ানোর আহ্বান জানান তিনি।

জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে পরিচ্ছন্ন ও নবায়নযোগ্য জ্বালানির দিকে এগিয়ে যাওয়ার ওপর গুরুত্ব দিয়ে প্রতিমন্ত্রী বলেন, এ রূপান্তর হতে হবে ন্যায্য ও অন্তর্ভুক্তিমূলক। একই সঙ্গে স্বল্পোন্নত দেশগুলোর উন্নয়ন চাহিদা ও জ্বালানিনিরাপত্তা বিবেচনায় রাখতে হবে। এ ক্ষেত্রে উন্নত দেশগুলোকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি অর্থায়ন ও প্রযুক্তিগত সহায়তা নিশ্চিত করতে হবে।

জাতীয় সংসদের ভূমিকা তুলে ধরে তিনি বলেন, জলবায়ুবান্ধব আইন ও নীতি প্রণয়ন, সরকারি ব্যয়ের তদারকি, জলবায়ু অর্থায়নের স্বচ্ছতা এবং প্রান্তিক জনগোষ্ঠীর স্বার্থ রক্ষায় সংসদ সদস্যদের আরও সক্রিয় হতে হবে।

শেখ ফরিদুল ইসলাম বলেন, কপ৩১-এর আলোচনা ও সিদ্ধান্তে স্বল্পোন্নত দেশগুলোর বাস্তব চাহিদার প্রতিফলন থাকা প্রয়োজন। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় শুধু ঘোষণা নয়, তার বাস্তবায়ন জরুরি। প্রতিশ্রুতির চেয়ে কার্যকর পদক্ষেপ এবং অর্থায়নের ঘোষণার চেয়ে অর্থের প্রকৃত প্রাপ্যতা বেশি গুরুত্বপূর্ণ।

বৈঠকে স্বল্পোন্নত দেশগুলোর জলবায়ু আলোচক ও বিভিন্ন দেশের সংসদ সদস্যরা অংশ নেন। নেপালের সংসদ সদস্য অর্জুন কার্কির সঞ্চালনায় এতে বক্তব্য দেন দেশটির কৃষি, বন ও পরিবেশমন্ত্রী গীতা চৌধুরী, ফিলিপাইনের সংসদ সদস্য সিয়েলো ক্রিসেল লাগম্যান, তিমুর-লেস্তের ইউএনএফসিসিসি ফোকাল পয়েন্ট অগুস্তো ম্যানুয়েল পিন্টো এবং দেশটির পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক পরিচালক কার্লোস কনসেইসাও।

বৈঠকে বিভিন্ন দেশের প্রতিনিধিরা জলবায়ু পরিবর্তন মোকাবিলায় পারস্পরিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময় করেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!