স্কটল্যান্ডের এডিনবরায় অনুষ্ঠিত হয়েছে ‘বাংলাদেশ ফেস্টিভ্যাল স্কটল্যান্ড–২০২৬’। বাংলাদেশের বাউলসংগীত, লোকঐতিহ্য ও সাংস্কৃতিক উত্তরাধিকার প্রবাসে তুলে ধরার লক্ষ্যে গত ১৫ অক্টোবর এডিনবরার দ্য ডিন হলে এ উৎসবের আয়োজন করা হয়। বাংলাদেশ বাউল ও লোকশিল্পী সংস্থা, স্কটল্যান্ড শাখার উদ্যোগে এবং রিগ্যাল ইডি লিমিটেডের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ উৎসবে বাংলাদেশের বিশিষ্ট শিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, কমিউনিটি প্রতিনিধি ও অতিথিরা অংশ নেন।
উৎসবের আয়োজন ও বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন রিগ্যাল ইডি লিমিটেডের পরিচালক এবং বাংলাদেশ বাউল ও লোকশিল্পী সংস্থা, স্কটল্যান্ড শাখার আহ্বায়ক শাহ্ ইমদাদুল হক। তাঁর সঙ্গে সাংগঠনিক দায়িত্ব পালন করেন সংগঠনটির নবগঠিত নির্বাহী কমিটির সভাপতি মিরোস্লাভা হক ইগনদোভা। আয়োজকদের সম্মিলিত প্রচেষ্টায় বাউল ও লোকসংগীতের ঐতিহ্যকে প্রবাসী বাংলাদেশি কমিউনিটি এবং স্কটল্যান্ডের বহুসাংস্কৃতিক সমাজের সামনে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়।
অনুষ্ঠানে বাংলাদেশের সংগীতাঙ্গনের বিশিষ্ট কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন ও ফেরদৌস ওয়াহিদ অংশ নেন। তাঁদের সংগীত পরিবেশনা উৎসবে বিশেষ আকর্ষণ তৈরি করে। এ ছাড়া বাংলাদেশ বাউল ও লোকশিল্পী সংস্থার উপদেষ্টা গোলাম মোস্তফাসহ বিভিন্ন শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উৎসবে উপস্থিত ছিলেন স্কটল্যান্ডে বাংলাদেশের সম্মানিত কনসাল ড. অলিদ তসর উদ্দিন এবং স্কটিশ পার্লামেন্টের সদস্য ফয়সাল চৌধুরী। এ ছাড়া প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন। তাঁদের মধ্যে ছিলেন আব্দুর রহিম জাকির, গোলাম আনিস চৌধুরী, আলমগীর কবির, মোয়াজ্জেম হোসেন, আহমেদ আলী যুব, দীন মোহাম্মদ, আতাউর রহমান ও আবুল কালামসহ অনেকে।
আয়োজকদের পক্ষ থেকে উৎসব বাস্তবায়নে সহযোগিতার জন্য ইউকেএমসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং সেন্ট্রাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির চেয়ারম্যান জাহিদুল ইসলাম ও ইউকেএমসির হেড অব বিজনেস শফিকুল ইসলামের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।
বাংলাদেশ বাউল ও লোকশিল্পী সংস্থা, স্কটল্যান্ড শাখার সভাপতি মিরোস্লাভা হক ইগনদোভা ও সাধারণ সম্পাদক আজিম মাহমুদ সুমনসহ নির্বাহী কমিটির সদস্যরা আয়োজনের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেন। এ ছাড়া জেমস রোজারিও, রাজা সেলিম, রবিন হোসেন, কল্যাণ চক্রবর্তী, নন্দন বড়ুয়া ও শামস আফরোজ প্রিন্তুর অবদানও স্মরণ করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
অনুষ্ঠানের প্রচারে নাজমুল আহসান, আপ্যায়নে শুভ রহমান খান, যোগাযোগে রফিকুল ইসলাম ও মি. বাদল এবং সার্বিক সহযোগিতায় আলাউদ্দিন আলো, ইলিয়াস রহমান খান ও মোমিনুর রহমানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা দায়িত্ব পালন করেন। পৃষ্ঠপোষক, স্বেচ্ছাসেবক, সহযোগী প্রতিষ্ঠান, কমিউনিটি নেতা, লেখক, গবেষক ও দর্শক-শ্রোতাদের সহযোগিতার কথাও তুলে ধরেন আয়োজকেরা।
উৎসবের আয়োজন ও সংশ্লিষ্ট ব্যক্তিদের অবদানের বিষয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন লেখক, লালন গবেষক ও কণ্ঠশিল্পী সরদার হীরক রাজা। তিনি বাংলাদেশ বাউল ও লোকশিল্পী সংস্থার সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন। তিনি শাহ্ ইমদাদুল হক ও মিরোস্লাভা হক ইগনদোভার সাংগঠনিক ভূমিকা, আন্তরিক সহযোগিতা এবং বাংলা সংস্কৃতির প্রতি দায়বদ্ধতার কথা উল্লেখ করেন। পাশাপাশি শিল্পী, সংগঠক, অতিথি, পৃষ্ঠপোষক ও স্বেচ্ছাসেবকদের সম্মিলিত অবদানের প্রতিও কৃতজ্ঞতা জানান।
সরদার হীরক রাজার প্রত্যাশা, বাংলাদেশের বাউল ও লোকসংগীতের ঐতিহ্য স্কটল্যান্ডসহ বিশ্বের বিভিন্ন দেশে আরও বিস্তৃত হবে। তাঁর মতে, এ ধরনের আয়োজন প্রবাসে বাংলা সংস্কৃতির চর্চা অব্যাহত রাখার পাশাপাশি নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক শিকড় তুলে ধরতে সহায়ক হতে পারে।
আয়োজকদের মতে, প্রবাসে বাংলাদেশের ভাষা, সংগীত ও লোকজ ঐতিহ্যের চর্চা এবং সাংস্কৃতিক পরিচয় সংরক্ষণে এ ধরনের উৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। শিল্পী, সংগঠক, পৃষ্ঠপোষক ও কমিউনিটির সম্মিলিত উদ্যোগে ভবিষ্যতেও বাংলা সংস্কৃতির প্রচার ও প্রসারে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা তাঁদের।
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!