ইকাতেরিনবার্গে আন্তর্জাতিক যুব উৎসব পরিদর্শনের সময় অংশগ্রহণকারীদের সঙ্গে কথা বলেন রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী দিমিত্রি চেরনিশেঙ্কো। ছবি: সংগৃহীত
রাশিয়াকে দেশটির মূল্যবোধ ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল ব্যক্তিদের জন্য ‘সেকেন্ড হোম’ হিসেবে বিবেচনার কথা বলেছেন রুশ উপ-প্রধানমন্ত্রী দিমিত্রি চেরনিশেঙ্কো। ১৪ সেপ্টেম্বর ইকাতেরিনবার্গে অনুষ্ঠিত ‘ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অব ইয়ুথ-২০২৬’ পরিদর্শনের সময় এক বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন।
দিমিত্রি চেরনিশেঙ্কো বলেন, রাশিয়া বিভিন্ন জাতিগোষ্ঠী ও ধর্মীয় সম্প্রদায়ের মানুষের দেশ। তাঁর বক্তব্যে দেশটির বিভিন্ন ধর্মীয় স্থাপনা ও সাংস্কৃতিক বৈচিত্র্যের উদাহরণ তুলে ধরা হয়। তিনি বলেন, রাশিয়ার সমাজকে ঐক্যবদ্ধ রাখতে ঐতিহ্যবাহী আধ্যাত্মিক ও নৈতিক মূল্যবোধ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
রাশিয়ায় ভ্রমণের সুযোগের বিষয়টিও উৎসবে অংশ নেওয়া তরুণদের সামনে তুলে ধরেন উপ-প্রধানমন্ত্রী। তিনি জানান, বিদেশি পর্যটকদের জন্য অনলাইনে ই-ভিসা ব্যবস্থার মাধ্যমে রাশিয়ায় ভ্রমণের সুযোগ রয়েছে। তাঁর বক্তব্য অনুযায়ী, ই-ভিসায় সর্বোচ্চ ৩০ দিন পর্যন্ত অবস্থান করা যায়।
শিক্ষাক্ষেত্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের আকৃষ্ট করার পরিকল্পনার কথাও জানান তিনি। রুশ সরকারের পরিকল্পনা অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে দেশটিতে অন্তত পাঁচ লাখ আন্তর্জাতিক শিক্ষার্থী পড়াশোনা করবে। এ লক্ষ্য বাস্তবায়নে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আধুনিক ক্যাম্পাস গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি জানান।
চেরনিশেঙ্কো বলেন, ২০৩৬ সালের মধ্যে রাশিয়ায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ৪০টি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের একটি নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে মস্কোর বাউমান মস্কো স্টেট টেকনিক্যাল ইউনিভার্সিটিতে একটি ক্যাম্পাস চালু হয়েছে এবং ইকাতেরিনবার্গেও নতুন ক্যাম্পাস চালু হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
ফেস্টিভ্যাল পরিদর্শনের সময় উপ-প্রধানমন্ত্রী বিভিন্ন অংশগ্রহণকারীর সঙ্গে কথা বলেন এবং তাদের প্রশ্নের উত্তর দেন। আন্তর্জাতিক যুব উৎসবের বিভিন্ন কার্যক্রমের পাশাপাশি রাশিয়ার শিক্ষা, পর্যটন ও সাংস্কৃতিক বৈচিত্র্য তুলে ধরাই ছিল তাঁর বক্তব্যের অন্যতম বিষয়।
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!