অভিনয়জীবনের ২৮ বছর পার করেছেন অভিনেত্রী দীপা খন্দকার। দীর্ঘ এই সময়ে নানা ধরনের চরিত্রে অভিনয় করে দর্শকের কাছে পরিচিতি পেয়েছেন তিনি। নাটক, ধারাবাহিক ও ওয়েবফিল্মে নিয়মিত কাজ করছেন।
এবার অভিনয়ের বাইরে নতুন পরিচয়ে আত্মপ্রকাশের পরিকল্পনা করছেন এই অভিনেত্রী। সবকিছু ঠিক থাকলে নতুন বছরেই পরিচালক হিসেবে অভিষেক হতে পারে তাঁর।
সম্প্রতি একটি পডকাস্টে অতিথি হয়ে নিজের এ পরিকল্পনার কথা জানান দীপা খন্দকার। তিনি বলেন, অভিনয়জীবনের অভিজ্ঞতা থেকে ইদানীং তাঁর মনে হচ্ছে, দুই-তিনটি নাটক পরিচালনা করলে মন্দ হয় না। বিষয়টি নিয়ে গভীরভাবে ভাবছেন তিনি। সবকিছু অনুকূলে থাকলে নতুন বছরেই পরিচালক হিসেবে যাত্রা শুরু করবেন।
এদিকে অভিনয়েও ব্যস্ত সময় পার করছেন দীপা। সম্প্রতি মোহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত নতুন ধারাবাহিক ‘ফিরে আসার গল্প’-এ যুক্ত হয়েছেন তিনি। এর আগে একই নির্মাতার ‘এটা আমাদেরই গল্প’ ধারাবাহিকেও অভিনয় করেছেন এই অভিনেত্রী। ধারাবাহিকটিতে অভিনয়ের মাধ্যমে নতুন করে আলোচনায় আসেন তিনি।
‘ফিরে আসার গল্প’ ধারাবাহিকে শুরুতে অন্য একটি চরিত্রে অভিনয়ের কথা ছিল দীপার। সেই চরিত্রে এখন অভিনয় করছেন রোজী সিদ্দিকী। অন্যদিকে, বর্তমানে দীপা যে চরিত্রে অভিনয় করছেন, সেটিতে আগে ছিলেন সুমাইয়া শিমু। চোখের অসুস্থতার কারণে শেষ মুহূর্তে ধারাবাহিকটি থেকে সরে দাঁড়ান তিনি।
পরে নির্মাতার অনুরোধে মাত্র দুই ঘণ্টার মধ্যে নতুন চরিত্রটির জন্য প্রস্তুত হন দীপা খন্দকার। এভাবেই ধারাবাহিকটিতে যুক্ত হন তিনি।
২৮ বছরের অভিনয় অভিজ্ঞতা নিয়ে এবার পরিচালনায় আসার পরিকল্পনা করছেন দীপা। নতুন পরিচয়ে তাঁর এই যাত্রা শেষ পর্যন্ত কতটা সফল হয়, তা জানতে অপেক্ষা করতে হবে নতুন বছর পর্যন্ত।
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!