যুক্তরাষ্ট্র   বুধবার ৬ মে ২০২৬, বুধবার ২২ বৈশাখ ১৪৩৩

কড়াইল বস্তিতে ভ্রাম্যমাণ লিগ্যাল এইড ক্যাম্প উদ্বোধন করলেন আইনমন্ত্রী

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৬, ০৪:৫৭ AM

২৫
কড়াইল বস্তিতে ভ্রাম্যমাণ লিগ্যাল এইড ক্যাম্প উদ্বোধন করলেন আইনমন্ত্রী

রাজধানীর বনানীর কড়াইল বস্তিতে ভ্রাম্যমাণ লিগ্যাল এইড ক্যাম্পের উদ্বোধন করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। সোমবার কড়াইল বস্তির এরশাদ মাঠে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কার্যক্রমের উদ্বোধন করেন।

‘সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে আয়োজিত এ উদ্যোগের লক্ষ্য প্রান্তিক জনগোষ্ঠী, বিশেষ করে নারী ও নিম্নআয়ের মানুষের কাছে বিনামূল্যে আইনি সেবা পৌঁছে দেওয়া। আইন ও বিচার বিভাগ এবং বাংলাদেশ লিগ্যাল এইড অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে কারিগরি সহায়তা দিয়েছে জার্মান উন্নয়ন সংস্থা জিআইজেড বাংলাদেশ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য দেশের প্রতিটি মানুষের দোরগোড়ায় আইনি সহায়তা পৌঁছে দেওয়া। যাদের আইনজীবী নিয়োগের সামর্থ্য নেই, তারা ১৬৬৯৯ নম্বরে কল করলেই সহায়তা পাবেন। তিনি গণমাধ্যমকে এ বিষয়ে সচেতনতা বাড়াতে ভূমিকা রাখার আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশে লিগ্যাল এইড কার্যক্রমের সূচনা হয় ১৯৯৪ সালে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার হাত ধরে। পরবর্তীতে এ কার্যক্রমকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে অধিদপ্তরে উন্নীত করা হয়েছে।
অনুষ্ঠানে আইনমন্ত্রী দু’জন নারীকে তাৎক্ষণিক আইনি পরামর্শ দেন এবং বস্তিবাসীদের বিভিন্ন সমস্যার কথা শুনে তা সমাধানে দিকনির্দেশনা দেন।

জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ কমিউনিটিভিত্তিক আইনি সহায়তার গুরুত্ব তুলে ধরে এ উদ্যোগকে স্বাগত জানান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ লিগ্যাল এইড অধিদপ্তরের মহাপরিচালক মো. মনজুরুল হোসেন, আইন ও বিচার বিভাগের যুগ্মসচিব এম এ আউয়াল এবং জিআইজেড বাংলাদেশের প্রতিনিধি মার্টিনা বুকার্ড।
উল্লেখ্য, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নয়টি স্থানে পর্যায়ক্রমে এ ধরনের ভ্রাম্যমাণ লিগ্যাল এইড ক্যাম্প পরিচালনা করা হবে। এসব ক্যাম্পে প্যানেলভুক্ত আইনজীবীরা বিনামূল্যে পরামর্শ প্রদান করবেন এবং প্রশিক্ষিত প্যারালিগ্যালরা প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন।


আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!