আগামী এক বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের চেষ্টা করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (৫ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের ষষ্ঠ অধিবেশন শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, স্থানীয় সরকার নির্বাচন বিষয়ে সরকারের অবস্থান আগের মতোই রয়েছে। তৃণমূল পর্যায়ের গণতন্ত্রকে শক্তিশালী করতে সময়মতো নির্বাচন আয়োজনের উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও বলেন, জেলা প্রশাসকদের সঙ্গে অনুষ্ঠিত আলোচনায় স্থানীয় সরকার কাঠামোকে আরও কার্যকর ও জবাবদিহিমূলক করার বিষয়ে মতামত এসেছে। এসব পরামর্শ গুরুত্বসহকারে বিবেচনা করা হবে।
মির্জা ফখরুল বলেন, স্থানীয় সরকার ব্যবস্থাই গণতন্ত্রের ভিত্তি। তাই তৃণমূল পর্যায়ের প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে জেলা প্রশাসকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।
তিনি বলেন, জনগণকে সঙ্গে নিয়েই প্রশাসনকে কাজ করতে হবে, কারণ জনগণই রাষ্ট্রের মালিক।
স্থানীয় সরকার ব্যবস্থায় অতীতে অনিয়ম-দুর্নীতির অভিযোগের প্রসঙ্গে মন্ত্রী বলেন, এসব বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং ভবিষ্যতে যাতে এমন পরিস্থিতি না ঘটে সে বিষয়ে নজর রাখা হবে।
তিনি আরও জানান, সরকারের উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে জেলা প্রশাসকদের ভূমিকা আরও কার্যকর করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!