যুক্তরাষ্ট্র   বুধবার ৬ মে ২০২৬, বুধবার ২২ বৈশাখ ১৪৩৩

ঢাকা ইস্ট-ওয়েস্ট এক্সপ্রেসওয়ে বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের আহ্বান সেতুমন্ত্রীর

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ০৬ মে ২০২৬, ০৫:৩৭ AM

ঢাকা ইস্ট-ওয়েস্ট এক্সপ্রেসওয়ে বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের আহ্বান সেতুমন্ত্রীর

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে প্রস্তাবিত ‘ঢাকা ইস্ট-ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্প’ দ্রুত ও সমন্বিতভাবে বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম।

মঙ্গলবার (৫ মে) রাজধানীর একটি হোটেলে আয়োজিত উচ্চপর্যায়ের স্টেকহোল্ডার কনসালটেশন কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

মন্ত্রী বলেন, সময়মতো প্রকল্প বাস্তবায়ন না হলে তা অতিরিক্ত ব্যয় ও অর্থনৈতিক চাপ তৈরি করে। তাই সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, প্রায় ৩৯ কিলোমিটার দীর্ঘ এই এক্সপ্রেসওয়ে হেমায়েতপুর থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত সংযোগ স্থাপন করবে। এর মাধ্যমে রাজধানীর যানজট কমবে এবং দেশের পূর্ব ও পশ্চিমাঞ্চলের মধ্যে যোগাযোগ আরও সহজ হবে।

কর্মশালায় জানানো হয়, প্রস্তাবিত এক্সপ্রেসওয়েটি ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর থেকে শুরু হয়ে নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দ পর্যন্ত বিস্তৃত হবে। এটি বুড়িগঙ্গা ও শীতলক্ষ্যা নদী অতিক্রম করবে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হবে।

প্রকল্প বাস্তবায়িত হলে ঢাকার ওপর যানবাহনের চাপ কমবে এবং আন্তঃজেলা যোগাযোগ ব্যবস্থায় গতি আসবে বলে আশা করা হচ্ছে।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেতু বিভাগের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান এবং সভাপতিত্ব করেন সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ।

কর্মশালায় আরও জানানো হয়, প্রকল্পটির সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় ৩৬ হাজার কোটি টাকা। এর মধ্যে নির্মাণ ব্যয় এবং ভূমি অধিগ্রহণ ও পুনর্বাসন ব্যয় অন্তর্ভুক্ত রয়েছে। অর্থনৈতিক বিশ্লেষণে প্রকল্পটির সম্ভাব্যতা ইতিবাচক বলে উল্লেখ করা হয়েছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!