যুক্তরাষ্ট্র   বুধবার ৬ মে ২০২৬, বুধবার ২২ বৈশাখ ১৪৩৩

ফার্মগেটে চলন্ত মাইক্রোবাসে আগুন

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ০৬ মে ২০২৬, ০৫:৫৪ AM

ফার্মগেটে চলন্ত মাইক্রোবাসে আগুন

রাজধানীর ফার্মগেটে চলন্ত একটি মাইক্রোবাসে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার সকাল ১০টা ৩ মিনিটের দিকে আনন্দ সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে। তবে দ্রুত ফায়ার সার্ভিসের হস্তক্ষেপে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা এড়ানো গেছে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, ঘটনার খবর পাওয়ার পর তেজগাঁও ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

তিনি বলেন, সকাল ১০টা ৩ মিনিটে খবর পাওয়ার পর ১০টা ২৯ মিনিটের মধ্যে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে জানা গেছে, মাইক্রোবাসটি (নোহা) চলন্ত অবস্থায় হঠাৎ আগুন ধরে যায়। অল্প সময়ের মধ্যেই আগুন পুরো গাড়িতে ছড়িয়ে পড়ে এবং যানটি প্রায় সম্পূর্ণভাবে পুড়ে যায়।

তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!