যুক্তরাষ্ট্র   বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬, বৃহস্পতিবার ২৮ শ্রাবণ ১৪৩৩

চট্টগ্রাম নগরীর যোগাযোগব্যবস্থা ঢেলে সাজানো হচ্ছে: মেয়র

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ০৯ আগস্ট ২০২৬, ০৫:২৯ AM

১২
চট্টগ্রাম নগরীর যোগাযোগব্যবস্থা ঢেলে সাজানো হচ্ছে: মেয়র

চট্টগ্রাম নগরীর যোগাযোগব্যবস্থা উন্নত করতে চলমান সড়ক ও অবকাঠামো উন্নয়নকাজ পরিদর্শন করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। একই সঙ্গে নগরীর বিভিন্ন এলাকার সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ দিয়েছেন তিনি।

আজ শনিবার চট্টগ্রাম বোট ক্লাব থেকে বিমানবন্দর সড়ক হয়ে কর্ণফুলী টানেল পর্যন্ত সড়কের চলমান উন্নয়নকাজ পরিদর্শন করেন মেয়র। পরে টাইগারপাস, লালখানবাজার ও অক্সিজেন মোড়ের নির্মাণাধীন গোলচত্বরসহ বিভিন্ন এলাকার সড়ক ঘুরে দেখেন তিনি।

পরিদর্শনের সময় চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী ও প্রধান প্রকৌশলী আনিসুর রহমান মেয়রের সঙ্গে ছিলেন। তাঁরা বিভিন্ন এলাকার সমস্যা চিহ্নিত করে তা সমাধানের বিষয়ে আলোচনা করেন।

সাম্প্রতিক ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সড়কগুলো দ্রুত সংস্কারের নির্দেশ দেন মেয়র। যেসব সড়কের মিডিয়ানে রেলিং নেই, সেখানে দ্রুত রেলিং স্থাপনের পাশাপাশি ক্ষতিগ্রস্ত ও বিবর্ণ রেলিংয়ে নতুন করে রং করার নির্দেশনাও দেন তিনি।

এ ছাড়া বিমানবন্দর সড়ক থেকে মোহরা পর্যন্ত যেসব সড়কের মিড-আইল্যান্ডে এখনো গাছ লাগানো হয়নি, সেখানে দৃষ্টিনন্দন ফুলের গাছ লাগানোর নির্দেশ দেন ডা. শাহাদাত। ইতিমধ্যে যেসব স্থানে গাছ লাগানো হয়েছে, সেগুলোর নিয়মিত পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তিনি।

নগরীর কোনো স্থানে স্ল্যাব ও রেলিং না থাকলে দ্রুত তা স্থাপনের নির্দেশ দেন মেয়র।

পরিদর্শন শেষে নগরীর ১৬ নম্বর চকবাজার ওয়ার্ডের পুরাতন উর্দু লেইন এলাকায় সড়ক উন্নয়ন ও নতুন ড্রেন নির্মাণকাজের উদ্বোধন করেন ডা. শাহাদাত হোসেন।

উদ্বোধন অনুষ্ঠানে মেয়র বলেন, চট্টগ্রাম নগরীর উন্নয়ন পরিকল্পনা শুধু প্রধান সড়ককেন্দ্রিক নয়। নগরীর প্রতিটি ওয়ার্ড, পাড়া-মহল্লা ও আবাসিক এলাকার নাগরিক সুবিধা নিশ্চিত করাই তাঁদের লক্ষ্য। দীর্ঘদিন ধরে যেসব এলাকায় সড়ক ও ড্রেনেজ সমস্যা রয়েছে, পর্যায়ক্রমে সেসব এলাকাতেও উন্নয়ন করা হবে।

অনুষ্ঠানে চসিকের প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু তৈয়বসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, চসিকের কর্মকর্তা-কর্মচারী ও এলাকার বাসিন্দারা উপস্থিত ছিলেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!