শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন জেলা কারাগার পরিদর্শন করে বন্দীদের সঙ্গে কথা বলেছেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও সুযোগ-সুবিধার বিষয়ে খোঁজখবর নিয়েছেন। এ সময় এক ভারতীয় নারী বন্দীর প্রত্যাবাসনসহ প্রয়োজনীয় আইনগত সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন তিনি।
মঙ্গলবার দুপুরে জেলা কারাগার পরিদর্শনের সময় জেলা প্রশাসক বন্দীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি সায়রা বানু নামের এক ভারতীয় কারাবন্দীর প্রত্যাবাসনের লক্ষ্যে জেলা লিগ্যাল এইড অফিসের সহায়তা নেওয়ার জন্য জেল সুপারকে নির্দেশ দেন। পাশাপাশি অন্যান্য বন্দীদের ক্ষেত্রেও প্রয়োজনীয় আইনগত সহায়তা নিশ্চিত করার বিষয়ে পরামর্শ দেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক কারারক্ষীদের প্রতি বন্দীদের সঙ্গে মানবিক ও সহনশীল আচরণ নিশ্চিত করার আহ্বান জানান। পরে তিনি কারাগারের রান্নাঘর পরিদর্শন করে বন্দীদের জন্য প্রস্তুত করা খাবারের মান ও পরিবেশ পর্যবেক্ষণ করেন।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, জেল সুপার শাহ রফিকুল ইসলাম, জেলার মুহাম্মদ আব্দুস সেলিমসহ কারা কর্তৃপক্ষের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!