যুক্তরাষ্ট্র   শুক্রবার ১৪ আগস্ট ২০২৬, শুক্রবার ২৯ শ্রাবণ ১৪৩৩

আনোয়ারায় দেশের প্রথম মুক্তবাণিজ্য অঞ্চল প্রতিষ্ঠার অনুমোদন

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৭ জুন ২০২৬, ০৫:৪৯ AM

৪৭
আনোয়ারায় দেশের প্রথম মুক্তবাণিজ্য অঞ্চল প্রতিষ্ঠার অনুমোদন

দেশে প্রথমবারের মতো মুক্তবাণিজ্য অঞ্চল (ফ্রি ট্রেড জোন–এফটিজেড) প্রতিষ্ঠার প্রস্তাব অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি (সিসিইএ)। চট্টগ্রামের আনোয়ারা উপজেলা-এ এই অঞ্চল গড়ে তোলা হবে।

বুধবার অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ প্রস্তাব অনুমোদন করা হয়। সভায় সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। পরে বিষয়টি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)।

বেজা জানায়, কর্ণফুলী নদীর তীরবর্তী আনোয়ারা এলাকাকে আন্তর্জাতিক মানদণ্ড বিবেচনায় দেশের প্রথম ফ্রি ট্রেড জোন হিসেবে নির্ধারণ করা হয়েছে। অবকাঠামোগত সুবিধা, আন্তর্জাতিক বাণিজ্য সংযোগ, লজিস্টিক সক্ষমতা ও ভবিষ্যৎ সম্প্রসারণের সম্ভাবনা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রস্তাবিত এই অঞ্চল বাস্তবায়িত হলে আন্তর্জাতিক বাণিজ্য, বৈদেশিক বিনিয়োগ ও রপ্তানি সক্ষমতায় নতুন গতি আসবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি রপ্তানি বহুমুখীকরণ, লজিস্টিক হাব গড়ে তোলা এবং নতুন কর্মসংস্থান সৃষ্টিতেও এটি ভূমিকা রাখবে।

বেজার তথ্য অনুযায়ী, মুক্তবাণিজ্য অঞ্চল বাস্তবায়নের লক্ষ্যে এরই মধ্যে বিভিন্ন আইন ও নীতিমালা হালনাগাদ ও সংস্কারের কাজ চলছে। এর মধ্যে রয়েছে কাস্টমস আইন, আমদানি-রপ্তানি নীতি, বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা নির্দেশিকা এবং জাতীয় শিল্পনীতি।

বিশ্লেষকদের মতে, আনোয়ারায় এই উদ্যোগ বাস্তবায়িত হলে বাংলাদেশ আঞ্চলিক বাণিজ্য ও লজিস্টিক হাবে পরিণত হওয়ার পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করবে।

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!