যুক্তরাষ্ট্র   মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬, মঙ্গলবার ৭ বৈশাখ ১৪৩৩

গুম নিয়ে শক্ত আইন চান রিজভী

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৬, ০৫:২৪ AM

গুম নিয়ে শক্ত আইন চান রিজভী

গুম সংক্রান্ত অধ্যাদেশের ফাঁকফোকর দূর করে একটি শক্তিশালী আইন প্রণয়নের দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ভবিষ্যতে যেন কোনো সরকার গুমের মতো অমানবিক পন্থা ব্যবহার করতে না পারে, সে জন্য কার্যকর আইন প্রয়োজন।

সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সাবেক সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী ও তাঁর গাড়িচালকের সন্ধান দাবিতে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, গুম সংক্রান্ত অধ্যাদেশ বাতিলের উদ্যোগ নেওয়া হলেও এতে নানা ঘাটতি ও দুর্বলতা রয়েছে। জনগণ চায়, এসব সীমাবদ্ধতা কাটিয়ে একটি কার্যকর ও শক্তিশালী আইন প্রণয়ন করা হোক। এ বিষয়ে সরকারের সুস্পষ্ট অবস্থান থাকা প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, দেশ একটি কঠিন সময় পেরিয়ে ধীরে ধীরে স্বাভাবিক অবস্থার দিকে যাচ্ছে। তবে এ পরিস্থিতি শুধু ব্যক্তি বা গোষ্ঠীর জন্য নয়, পুরো জাতির জন্য নিশ্চিত করতে হবে। জাতীয় ও আন্তর্জাতিক নানা ষড়যন্ত্র এখনও রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

আইনের শাসন প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দিয়ে রিজভী বলেন, কোনো সাধারণ মানুষ অন্যায়ের শিকার হলে তাকে যেন আদালতে ন্যায়বিচার পেতে হয়। ক্ষমতার অপব্যবহার বন্ধ করাও জরুরি।

গুমের ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, এখনও অনেক রাজনৈতিক নেতা-কর্মী নিখোঁজ রয়েছেন। তাঁদের সন্ধান বের করতে হবে এবং এ ধরনের ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে হবে। সংশ্লিষ্টদের শনাক্ত করে জিজ্ঞাসাবাদের মাধ্যমে প্রকৃত তথ্য বের করারও দাবি জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু। এতে আরও উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ, সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলামসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!