যুক্তরাষ্ট্র   রবিবার ২৭ সেপ্টেম্বর ২০২৬, রবিবার ১১ আশ্বিন ১৪৩৩

কমিউনিটি ব্যাংককে জনআস্থা অর্জন ও সামাজিক দায়বদ্ধতার তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ AM

৮
কমিউনিটি ব্যাংককে জনআস্থা অর্জন ও সামাজিক দায়বদ্ধতার তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর

জনগণের আস্থা অর্জন, আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও সামাজিক দায়বদ্ধতা পালনের মাধ্যমে কমিউনিটি ব্যাংক পিএলসিকে দেশের অন্যতম শীর্ষ ব্যাংকে পরিণত করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) ঢাকার একটি অভিজাত হোটেলে কমিউনিটি ব্যাংক পিএলসির সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শৃঙ্খলাবদ্ধ বাহিনীর মাধ্যমে পরিচালিত ব্যাংকিং প্রতিষ্ঠানের অন্যতম বৈশিষ্ট্য হলো নিয়ম-কানুন ও শৃঙ্খলা বজায় রাখা। কমিউনিটি ব্যাংকের খেলাপি ঋণের হার কম থাকার প্রশংসা করে তিনি বলেন, এটি দেশের ব্যাংকিং খাতের জন্য একটি অনন্য দৃষ্টান্ত এবং ব্যাংকটির শৃঙ্খলারই বহিঃপ্রকাশ।

তিনি বলেন, শৃঙ্খলাবদ্ধ বাহিনীর পরিচালনা পর্ষদ ব্যক্তিগত বা ব্যবসায়িক স্বার্থে সিদ্ধান্ত নেয় না। এ বৈশিষ্ট্য এ ধরনের ব্যাংককে সাধারণ ব্যাংক থেকে আলাদা করেছে।

সাধারণ আমানতকারীদের আস্থা অর্জনের আহ্বান

কমিউনিটি ব্যাংকের আমানত ও ব্যবসা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে সালাহউদ্দিন আহমদ বলেন, শুধু পুলিশ সদস্যদের মধ্যে ব্যাংকিং কার্যক্রম সীমাবদ্ধ রাখলে ব্যাংকের সার্বিক ব্যবসা ও আমানত আশানুরূপ বাড়বে না। সাধারণ আমানতকারী ও ব্যবসায়ীরা যেন নিশ্চিন্তে এবং আস্থার সঙ্গে এখানে অর্থ জমা রাখতে পারেন, সে ব্যবস্থা গড়ে তুলতে হবে।

তিনি বলেন, গ্রাহকদের ঋণপ্রাপ্তির প্রক্রিয়া, জামানতসংক্রান্ত কার্যক্রম ও ঋণ বিতরণ সহজ করতে হবে। অহেতুক শর্ত ও জটিলতা পরিহার করে গ্রাহকবান্ধব সেবা নিশ্চিত করতে হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বহুজাতিক ও করপোরেট ব্যাংকগুলোর লক্ষ্য সাধারণত বছর শেষে মুনাফার হিসাব করা। তবে কমিউনিটি ব্যাংকের উদ্দেশ্য শুধু মুনাফা অর্জন হওয়া উচিত নয়। বরং কত বেশি সাধারণ মানুষকে মানসম্মত সেবা দেওয়া গেল, সেটিই হওয়া উচিত ব্যাংকটির মূল লক্ষ্য।

সিএসআর তহবিল ব্যবহারে নির্দেশনা

ব্যাংকের করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিল ব্যবহারের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ তহবিল রাজনৈতিক উদ্দেশ্যে কিংবা কাউকে খুশি করার জন্য ব্যবহার করা যাবে না।

রাজনৈতিক ব্যক্তিদের তোষামোদ না করে দেশের জন্য জীবন দেওয়া বা পঙ্গুত্ব বরণ করা পুলিশ ও শৃঙ্খলাবদ্ধ বাহিনীর সদস্যদের পরিবারের পাশে দাঁড়ানোই প্রকৃত সামাজিক ও রাষ্ট্রীয় দায়বদ্ধতা বলে উল্লেখ করেন তিনি।

সম্প্রতি সাভারের আমিনবাজারে দুর্বৃত্তের হাতে নিহত পুলিশ সদস্যের অসহায় পরিবার এবং অন্তর্বর্তী সরকারের সময়ে চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে দায়িত্ব পালন করতে গিয়ে নিহত র‌্যাবের (তৎকালীন) কর্মকর্তার (বিজিবি সদস্য) পরিবারকে সিএসআর তহবিল থেকে সার্বিক সহায়তা দেওয়ার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, পুলিশ বাহিনীর কর্মকর্তা-কর্মচারীদের স্বচ্ছতা, দায়িত্বশীল আচরণ ও সঠিক দিকনির্দেশনা অনুসরণ করা হলে আগামী কয়েক বছরের মধ্যেই কমিউনিটি ব্যাংক দেশের অন্যতম সেরা ব্যাংক হিসেবে নিজেদের অবস্থান তৈরি করতে পারবে।

সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

কমিউনিটি ব্যাংকের চেয়ারম্যান ও পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন।

ব্যাংকের পরিচালনা পর্ষদের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য দেন অতিরিক্ত আইজিপি (ফিন্যান্স) আকরাম হোসেন খান বিপিএম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্য ও কমিউনিটি ব্যাংকের স্বতন্ত্র পরিচালক অধ্যাপক ড. মো. মোরশেদ হাসান খান।

অনুষ্ঠানে কেক কেটে কমিউনিটি ব্যাংকের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ ছাড়া পুলিশ সদস্যদের জন্য ব্যাংকটির ‘বাইক লোন’ ও ‘স্বপ্নের বাড়ি’ শীর্ষক হোম লোন কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।

অনুষ্ঠানে অডিও-ভিজ্যুয়াল পরিবেশনার মাধ্যমে কমিউনিটি ব্যাংকের সাত বছরের সাফল্য, গুরুত্বপূর্ণ উন্নয়ন ও সার্বিক কার্যক্রম তুলে ধরা হয়।

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!