যুক্তরাষ্ট্র   রবিবার ২৭ সেপ্টেম্বর ২০২৬, রবিবার ১১ আশ্বিন ১৪৩৩

‘পুজোর কয়েকটা দিনের প্রেম দারুণ লাগত’: কৌশানি

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৩ AM

১০
‘পুজোর কয়েকটা দিনের প্রেম দারুণ লাগত’: কৌশানি

ঘনিয়ে আসছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। উৎসবকে ঘিরে এরই মধ্যে শুরু হয়েছে নানা আয়োজন। পূজা মানেই আনন্দ, নতুন পোশাক, ঠাকুর দেখা আর শৈশব-কৈশোরের অসংখ্য স্মৃতি। সেই স্মৃতির ঝাঁপি খুলেছেন টালিউড অভিনেত্রী কৌশানি মুখার্জি।

জানিয়েছেন, ছোটবেলার পূজায় প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে বেড়ানো, সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নেওয়া আর কয়েক দিনের প্রেমের স্মৃতি এখনো তাঁর কাছে বিশেষ।

সংবাদ প্রতিদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, অভিনয়জগতে আসার আগে পূজার দিনগুলো ছিল অন্য রকম আনন্দের। তখন লাইন দিয়ে ঠাকুর দেখতে যেতেন তিনি। পূজামণ্ডপে আয়োজিত সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নিয়ে পুরস্কার জেতার স্মৃতিও এখনো তাঁর মনে উজ্জ্বল।

কৌশানি বলেন, ‘তখন দড়ির ওপারে থাকতাম। মানে লাইন দিয়ে ঠাকুর দেখতাম। আর পুজোর বিশেষ স্মৃতি বললেই, প্রেমের কথা মাথায় আসে।’

পূজার প্যান্ডেলে আয়োজিত সৌন্দর্য প্রতিযোগিতা নিয়ে অভিনেত্রীর স্মৃতিও বেশ মজার। তাঁর ভাষায়, ‘প্যান্ডেলে প্যান্ডেলে যখন পুজোয় সৌন্দর্য প্রতিযোগিতা হতো, প্রচুর ছেলেরা এসে এসে ঝারি মারত। সেখানে হঠাৎ করে আমাকে পছন্দ করে নেওয়া আর সেখান থেকে প্রতিযোগিতায় জেতা। “পুজোর সেরা সুন্দরী” তকমাটাই তখন আমার কাছে বিশাল ব্যাপার ছিল।’

ঘুরতে বেরিয়ে পুরস্কার নিয়ে বাড়ি ফেরার আনন্দ ছিল অন্য রকম। ভাইবোনেরাও বিষয়টি উদ্‌যাপন করতেন। কৌশানি বলেন, ‘ঘুরতে বেরিয়ে পুরস্কার জিতে বাড়িতে ফিরছি, এটাই তো দারুণ ব্যাপার। আমার ভাইবোনেরা আবার সেটা সেলিব্রেট করত। গর্ব করে ওরা বলত, “আমাদের বোন এত সুন্দরী।”’

‘সেই প্রেমগুলো পুজোর কটা দিনই টিকত’

পূজার সময় প্রেমের অভিজ্ঞতা নিয়েও অকপট কৌশানি। কয়েক দিনের সেই প্রেমের স্মৃতি এখনো তাঁকে আনন্দ দেয়। অভিনেত্রীর কথায়, ‘হ্যাঁ, পুজোর কটা দিনের প্রেম, এই বিষয়টা দারুণ লাগত। সেই প্রেমগুলো আবার পুজোর কটা দিনই টিকত। তারপর ভেঙে যেত।’

এবারের দুর্গাপূজায় কৌশানি অভিনীত নতুন সিনেমা ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ মুক্তি পাওয়ার কথা। ফলে পূজার শুরুতে সিনেমার প্রচার নিয়ে ব্যস্ত থাকতে হবে তাঁকে। সপ্তমী পর্যন্ত চলবে প্রচারের কাজ। এরপর পরিবারের সঙ্গে পূজার আনন্দে মেতে উঠবেন অভিনেত্রী।

বনি সেনগুপ্তকে নিয়ে পূজার পরিকল্পনা

প্রেমিক বনি সেনগুপ্তকে নিয়েও পূজার নানা পরিকল্পনা রয়েছে কৌশানির। একসঙ্গে ঠাকুর দেখা, রোম্যান্স আর পার্টি—সবই থাকছে তাঁদের উৎসবের তালিকায়।

কৌশানি বলেন, ‘আমার পুজোর সব প্ল্যানেই বনি আছে। একসঙ্গে ঠাকুর দেখা, একসঙ্গে রোম্যান্স করা, হইহই করে পার্টি করা।’

পূজার দিনগুলোতে ঘোরাঘুরির কারণে বদলে যাবে তাঁর দৈনন্দিন রুটিনও। অভিনেত্রীর ভাষায়, ‘দেখা যাবে, পুজোর কয়েকটা দিন বের হচ্ছি হয়তো দুপুরে, আর বাড়ি ফিরছি ভোরে! বাকি সকালটা ঘুমোচ্ছি। এই কদিন আমার দিনযাপনের সাইকেল পুরো চেঞ্জ হয়ে যায়।’

সব মিলিয়ে এবারের দুর্গাপূজায় সিনেমার প্রচার, পরিবার, প্রেমিক বনি সেনগুপ্ত আর ঠাকুর দেখার আনন্দে ব্যস্ত সময় কাটানোর পরিকল্পনা কৌশানি মুখার্জির।

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!