রাজধানীর গুলিস্তানের আলুবাজার এলাকায় একটি সেলুনে এসি বিস্ফোরণে দগ্ধ ব্যক্তিদের দেখতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
বুধবার হাসপাতালে গিয়ে তিনি দগ্ধদের চিকিৎসার অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন এবং আহতদের স্বজনদের সঙ্গে কথা বলেন। এ সময় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নাছির উদ্দীন নাছির, যুগ্ম পরিচালক ডা. ইকবাল আহমেদ, আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেবে। একই সঙ্গে এ ধরনের দুর্ঘটনা এড়াতে বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহারে সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. নাছির উদ্দীন বলেন, দগ্ধ ১০ জনের মধ্যে তিনজনের শ্বাসনালি পুড়ে গেছে। তাদের অবস্থা আশঙ্কাজনক এবং নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে গুলিস্তানের আলুবাজার এলাকায় ‘আরমান হেয়ার কাটিং’ নামে একটি সেলুনে এসি বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে গ্রাহক ও সেলুনকর্মীসহ ১০ জন দগ্ধ হন। পরে তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!