যুক্তরাষ্ট্র   রবিবার ২৭ সেপ্টেম্বর ২০২৬, রবিবার ১১ আশ্বিন ১৪৩৩

ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে বইয়ের বিকল্প নেই: শিক্ষামন্ত্রী

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫১ AM

৪৭
ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে বইয়ের বিকল্প নেই: শিক্ষামন্ত্রী

ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে বই পড়ার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে শিক্ষার্থীদের বেশি বেশি বই পড়ার অভ্যাস গড়ে তুলতে উৎসাহিত করার আহ্বান জানিয়েছেন তিনি।

আজ শুক্রবার রাজধানীর একটি অভিজাত হোটেলে বিশ্বসাহিত্য কেন্দ্র ও বিকাশের যৌথ উদ্যোগে পরিচালিত ‘বইপড়া কর্মসূচির ১২ বছর’ উদ্‌যাপন উপলক্ষে আয়োজিত প্রীতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘ভালো বই পড়ার ওপর জোর দিতে হবে’

শিক্ষামন্ত্রী বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে দেশকে নেতৃত্ব দেবে। তাই তাদের যোগ্য ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে ভালো বই পড়ার ওপর গুরুত্ব দিতে হবে।

তিনি বলেন, শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে উঠলে তাদের চিন্তাশক্তি, সৃজনশীলতা ও মানবিক মূল্যবোধ বিকশিত হবে। ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে বই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আনন্দময় শিক্ষায় গুরুত্ব

শিক্ষাব্যবস্থাকে আরও আনন্দময় ও সৃজনশীল করতে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন ড. আ ন ম এহছানুল হক মিলন।

তিনি বলেন, খেলাধুলা, সংস্কৃতি, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং আনন্দময় শিক্ষাদানের ওপর সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। এসব উদ্যোগ শিক্ষার্থীদের আগামী দিনের জন্য যোগ্য করে তুলতে সহায়তা করবে।

‘মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে হবে’

করপোরেট সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) গুরুত্ব তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, বিভিন্ন প্রতিষ্ঠানের সিএসআর কার্যক্রম সমাজের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

আলোকিত ও সৃজনশীল মানুষ গড়ে তুলতে রাষ্ট্রের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

তরুণ সমাজকে মাদক ও ক্ষতিকর মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে ভালো বই পড়ার অভ্যাস গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন শিক্ষামন্ত্রী।

অনুষ্ঠানে আরও যারা ছিলেন

অনুষ্ঠানে বক্তব্য দেন বিশ্বসাহিত্য কেন্দ্রের নির্বাহী পরিচালক খন্দকার মো. আসাদুজ্জামান এবং বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর।

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!