যুক্তরাষ্ট্র   রবিবার ২৭ সেপ্টেম্বর ২০২৬, রবিবার ১১ আশ্বিন ১৪৩৩

রাজশাহী শিক্ষাবোর্ডে এসএসসির ৯৮ হাজার ৭১০টি খাতা চ্যালেঞ্জ

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৬, ০৫:৩৭ AM

৮৫
রাজশাহী শিক্ষাবোর্ডে এসএসসির ৯৮ হাজার ৭১০টি খাতা চ্যালেঞ্জ

রাজশাহী শিক্ষা বোর্ডে চলতি বছরের এসএসসি পরীক্ষার ৯৮ হাজার ৭১০টি খাতা পুনর্নিরীক্ষণের (খাতা চ্যালেঞ্জ) আবেদন জমা পড়েছে। এর বাইরে ব্যবহারিক পরীক্ষার খাতা চ্যালেঞ্জের আবেদন পড়েছে আরও ২৩ হাজার ৫১৮টি। সব মিলিয়ে ১ লাখ ২২ হাজার ২২৮টি খাতা চ্যালেঞ্জের আবেদন করেছেন শিক্ষার্থীরা।

বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ইফফাত জেরীন। শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, গত ১০ আগস্ট এসএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এরপর খাতা চ্যালেঞ্জের জন্য আবেদন করার সুযোগ দেওয়া হয়। ১৭ আগস্ট ছিল আবেদনের শেষ দিন। এই সময়ের মধ্যে লিখিত পরীক্ষার ৯৮ হাজার ৭১০টি খাতা এবং ব্যবহারিক পরীক্ষার ২৩ হাজার ৫১৮টি খাতা পুনর্নিরীক্ষণের আবেদন জমা পড়ে।

ইংরেজিতে বেশি আবেদন

রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ইফফাত জেরীন বলেন, খাতা চ্যালেঞ্জের আবেদন সবচেয়ে বেশি পড়েছে ইংরেজি বিষয়ে। এরপর রয়েছে গণিত। অন্যান্য বিষয়েও শিক্ষার্থীরা আবেদন করেছে।

তিনি বলেন, আবেদনগুলো বিষয় কোড অনুযায়ী পাওয়া গেছে। ফলে এ মুহূর্তে বিষয়ভিত্তিক আবেদনের সুনির্দিষ্ট সংখ্যা বলা সম্ভব হচ্ছে না।

সাত বছরের মধ্যে এবার সবচেয়ে কম পাস

রাজশাহী শিক্ষা বোর্ডের প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, এবার সাত বছরের মধ্যে সবচেয়ে কম পাসের হার হয়েছে। চলতি বছর বোর্ডের আট জেলার ১ লাখ ৭৬ হাজার ৪৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১ লাখ ১২ হাজার ৮৬ জন। পাসের হার ৬৩ দশমিক ৬৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১৬ হাজার ১১৩ জন।

২০২০ সালে রাজশাহী শিক্ষা বোর্ডে এসএসসিতে পাসের হার ছিল ৯০ দশমিক ৩৭ শতাংশ। চলতি বছর তা কমে হয়েছে ৬৩ দশমিক ৬৭ শতাংশ। অর্থাৎ ছয় বছরের ব্যবধানে পাসের হার কমেছে প্রায় ২৯ দশমিক ৫ শতাংশ।

ফলাফলে বড় ধরনের পতনের পর এবার বিপুলসংখ্যক খাতা পুনর্নিরীক্ষণের আবেদন জমা পড়েছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!