শিক্ষকদের শিক্ষার্থীদের নিজের সন্তানের মতো মনে করে পাঠদান এবং নৈতিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
মঙ্গলবার রাজধানীর মিরপুরের পিটিআই মিলনায়তনে অধিকতর মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে কর্মকর্তাদের করণীয় বিষয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যজ্ঞান নয়, পারিবারিক ও ধর্মীয় মূল্যবোধেও সমৃদ্ধ করে গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে শিক্ষকদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে। এ লক্ষ্য অর্জনে শিক্ষক, অভিভাবক ও শিক্ষা প্রশাসনের সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে শিক্ষকদের দক্ষতা বাড়াতে আরও উন্নত প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।
তরুণ প্রজন্মের প্রসঙ্গ তুলে এহছানুল হক মিলন বলেন, অনেক শিক্ষার্থী লেখাপড়া ছেড়ে মোবাইল ফোন ও মাদকের প্রতি আসক্ত হয়ে পড়ছে। এ প্রবণতা রোধে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও আনন্দমুখর শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে হবে।
তিনি জানান, সারা দেশে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা’ আয়োজনের প্রস্তুতি চলছে। আগামী ৯ আগস্ট চট্টগ্রাম থেকে প্রধানমন্ত্রী এ প্রতিযোগিতার উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে।
মন্ত্রী আরও বলেন, শিক্ষার্থীদের বিদ্যালয়ের প্রতি আগ্রহ বাড়াতে সরকার বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণের উদ্যোগ নিয়েছে। পাশাপাশি মিডডে মিলসহ বিভিন্ন কর্মসূচিও বাস্তবায়ন করা হচ্ছে। নতুন প্রজন্মের উন্নয়ন নিশ্চিত না হলে আগামীর বাংলাদেশ গড়া সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, ভবিষ্যতে প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের দায়িত্ব ও সুযোগ-সুবিধা দুটোই বাড়ানো হবে। পাশাপাশি বেসরকারি বিদ্যালয়ও তাদের তদারকির আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
সভায় প্রাথমিক শিক্ষাসংশ্লিষ্ট কর্মকর্তারা মাঠপর্যায়ের বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ তুলে ধরেন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসীর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. সাখাওয়াত হোসেন।
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!