যুক্তরাষ্ট্র   বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬, বৃহস্পতিবার ২৮ শ্রাবণ ১৪৩৩

২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি ও সমমানের ফল

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৭ জুলাই ২০২৬, ০৬:২৫ AM

৪০
২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি ও সমমানের ফল

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ২০ জুলাই প্রকাশ করা হচ্ছে না। ফল প্রকাশের নতুন তারিখও এখনো চূড়ান্ত হয়নি। তবে চলতি মাসের মধ্যেই ফল প্রকাশের চেষ্টা চলছে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

শনিবার দুপুরে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য জানান।

তিনি বলেন, শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের নির্দেশনা অনুযায়ী ২০ জুলাই ফল প্রকাশের প্রস্তুতি নেওয়া হয়েছিল। তবে সাম্প্রতিক প্রশাসনিক ব্যস্ততার কারণে ফল প্রস্তুতের কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করা সম্ভব হয়নি। এ কারণে ফল প্রকাশে কয়েক দিন বিলম্ব হবে।

ফল প্রকাশ চলতি মাসের মধ্যেই সম্ভব হবে কি না—এমন প্রশ্নের জবাবে বোর্ড চেয়ারম্যান বলেন, তাঁরা এ মাসের মধ্যেই ফল প্রকাশের চেষ্টা করছেন।

এর আগে গত ১৫ জুন এক সংবাদ সম্মেলনে শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী জানিয়েছিলেন, ২০ জুলাইয়ের মধ্যে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। একই সঙ্গে তিনি দুই মাসের মধ্যে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পরিকল্পনার কথাও জানিয়েছিলেন।

শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও সমমান পরীক্ষায় নিবন্ধন করেছিলেন ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন। পরীক্ষা চলাকালে অসদুপায় অবলম্বনের অভিযোগে ২০৮ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!