যুক্তরাষ্ট্র   বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬, বৃহস্পতিবার ২৮ শ্রাবণ ১৪৩৩

‘অ্যাড মানি’ নির্দেশনা বাস্তবায়নে সময় বাড়াল বাংলাদেশ ব্যাংক

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ৩১ জুলাই ২০২৬, ০৫:২৬ AM

৩৪
‘অ্যাড মানি’ নির্দেশনা বাস্তবায়নে সময় বাড়াল বাংলাদেশ ব্যাংক

ব্যক্তিগত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাকাউন্টে ব্যাংক কার্ড থেকে ‘অ্যাড মানি’ সুবিধা চালুর ক্ষেত্রে নির্ধারিত নিয়ন্ত্রক নির্দেশনা বাস্তবায়নের সময়সীমা চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার এ-সংক্রান্ত পিএসডি-১ সার্কুলার লেটার নম্বর–০৩/২০২৬ জারি করে কেন্দ্রীয় ব্যাংক এ নির্দেশনা দেয়। সার্কুলারে বলা হয়েছে, গত ১৯ মে জারি করা সার্কুলারের ক্রমিক ২ ও ৩ নম্বর নির্দেশনা বাস্তবায়নের সময়সীমা সংশোধন করে ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে যেসব মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠান ও তফসিলি ব্যাংক শর্ত পূরণ করতে ব্যর্থ হবে, তাদের ব্যাংক কার্ড থেকে এমএফএসে ‘অ্যাড মানি’ সেবা ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে স্থগিত করা হবে।

পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন, ২০২৪–এর ১৮ ধারা অনুযায়ী এ নির্দেশনা জারি করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক আরও জানিয়েছে, সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত শুধু উল্লিখিত দুটি নির্দেশনা বাস্তবায়নের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। গত ১৯ মে জারি করা মূল সার্কুলারের অন্য সব নির্দেশনা আগের মতোই বহাল থাকবে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে তা অনুসরণ করতে হবে।

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!