নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সমতা ফিরিয়েছে বাংলাদেশ। দারুণ বোলিংয়ে প্রতিপক্ষকে দুইশর নিচে গুটিয়ে দেয় টাইগাররা। পরে ব্যাট হাতে দায়িত্বশীল ইনিংস খেলেন তানজিদ হাসান তামিম, করেন ৭৬ রান। অন্যদিকে ৫০ রানে রিটায়ার্ড হার্ট হন নাজমুল হোসেন শান্ত। ৮৭ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে বাংলাদেশ।
ম্যাচে নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৮৩ রান করা ওপেনার নিক কেলি সংবাদ সম্মেলনে এসে তানজিদের প্রশংসায় ভাসান। তানজিদের ব্যাটিং নিয়ে কেলি বলেন, ‘প্রথমবার তাকে সামনে থেকে খেলতে দেখলাম। আগে টিভিতে দেখেছি। দারুণ খেলেছে সে। খুব ভালো প্লেয়ার। ক্লিন স্ট্রাইকার। শুরুতেই বোলারদের ওপর চাপ তৈরি করে দেয়। উইকেট কিছুটা বদলেছে মনে হয়েছে, কিন্তু সে খুব ভালোভাবে মানিয়ে নিয়েছে। বাংলাদেশ শুরু থেকেই আমাদের চাপে রেখেছে।’
প্রথম ম্যাচে নিউজিল্যান্ড ২৬ রানে জিতলেও দ্বিতীয় ম্যাচে কেন ভিন্ন চিত্র—এ প্রশ্নে কেলির ব্যাখ্যা, ‘আমার মনে হয় উইকেটই বড় পার্থক্য। আজকে শুরুতে ঘাস বেশি ছিল, উইকেট বুঝতে সময় লেগেছে। গুরুত্বপূর্ণ সময়ে আমরা উইকেট হারিয়েছি। তারা খুব ভালো বল করেছে এবং উইকেটের সুবিধা কাজে লাগিয়েছে। আমরা জুটি গড়ার আগেই উইকেট হারিয়েছি—এটাই পার্থক্য।’
১৯৮ রান করেও জয়ের আশা ছিল কি না—এ প্রশ্নে কেলি বলেন, ‘সবসময়ই বিশ্বাস রাখতে হবে যে রান ডিফেন্ড করা সম্ভব। আমরা লড়াই করেছি। তবে মনে হয় ২৪০-২৫০ রান করতে পারলে ভালো হতো, যেমনটা প্রথম ম্যাচে হয়েছিল। বাংলাদেশের ব্যাটাররা খুব ভালো খেলেছে এবং শুরু থেকেই আমাদের চাপে রেখেছে।’
সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডে হবে চট্টগ্রামে। সেই ম্যাচ নিয়ে কেলি বলেন, ‘এখানে দুই ম্যাচে উইকেটে পার্থক্য ছিল। যারা আগে এসব উইকেটে খেলেছে তারা ভালো বুঝবে। আজকের ম্যাচ থেকে অনেক কিছু শেখার আছে। এখন বিশ্রাম নিয়ে পরের ম্যাচের জন্য প্রস্তুত হতে হবে।’
আগামী ২৩ এপ্রিল সিরিজের শেষ ও নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হবে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম-এ।
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!