টলিউডের গ্ল্যামারাস অভিনেত্রী নুসরাত জাহানকে ঘিরে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। এবার ব্যক্তিগত জীবন নয়, রেশন দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর তলবে বিপাকে পড়েছেন এই অভিনেত্রী। আগামী ২২ এপ্রিল তাকে কলকাতার সিজিও কমপ্লেক্সে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বাংলাদেশে গম পাঠানোকে কেন্দ্র করে ওঠা দুর্নীতির অভিযোগের সূত্র ধরেই নুসরাতকে তলব করেছে ইডি। অভিযোগ ওঠার সময় তিনি বসিরহাটের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
তবে কলকাতায় নয়, দিল্লিতে হাজিরা দেওয়ার আবেদন জানিয়েছেন নুসরাত। প্রায় পাঁচ বছর তৃণমূল কংগ্রেস-এর হয়ে বসিরহাটের সংসদ সদস্য ছিলেন তিনি। সাম্প্রতিক সময়ে ব্যক্তিগত জীবনের নানা টানাপোড়েনের পাশাপাশি রাজনীতিতেও তার সক্রিয়তা কিছুটা কমেছে।
অভিনেতা যশ দাশগুপ্তর সঙ্গে নতুন জীবন শুরু করার পর থেকে রাজনীতির ময়দানে খুব বেশি দেখা যায় না তাকে। সর্বশেষ লোকসভা নির্বাচনেও তাকে প্রার্থী করেনি ঘাসফুল শিবির। তবে সরাসরি রাজনীতিতে সক্রিয় না থাকলেও পশ্চিমবঙ্গের শাসক দলের সঙ্গে তার সম্পর্ক এখনো বজায় রয়েছে।
সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি ও মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানে তাকে সামনের সারিতে দেখা গেছে। অন্যদিকে, তার স্বামী যশ দাশগুপ্ত একসময় বিজেপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও বর্তমানে সেখান থেকে অনেকটাই দূরে অবস্থান করছেন।
এদিকে, এই তারকা দম্পতি এখন নিজেদের প্রযোজনা সংস্থা নিয়েই ব্যস্ত সময় পার করছেন। ইতিমধ্যে তাদের প্রযোজনায় দুটি সিনেমা মুক্তি পেয়েছে। পারিবারিক জীবন ও সন্তানকে ঘিরে ব্যস্ততা থাকলেও মাঝেমধ্যে তাদের বিচ্ছেদের গুঞ্জনও শোনা যায়। যদিও সেসব গুঞ্জন উড়িয়ে দিয়ে সম্প্রতি বিদেশ ভ্রমণ শেষে দেশে ফিরেছেন তারা।
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!