ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত প্রার্থী সেলিনা সুলতানা নিশিতা বলেছেন, আগামীর বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে চান তিনি।
আজ মঙ্গলবার (২১ এপ্রিল) নির্বাচন ভবনে মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর নিজের রাজনৈতিক সংগ্রামের কথা তুলে ধরে নিশিতা বলেন, বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ফরম জমা দেওয়া হয়েছে। ২০২৬ সালের এই নির্বাচনটি সাধারণ কোনো নির্বাচন নয়; এটি গণতন্ত্র পুনরুদ্ধারের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।
তিনি দাবি করেন, গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলনে অনেক নেতাকর্মী গুম ও খুনের শিকার হয়েছেন। ব্যক্তিগতভাবে তাকেও কারাবরণ করতে হয়েছে। “গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে আমি সবসময় রাজপথে সক্রিয় ছিলাম,” বলেন তিনি।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, দেশে এখন বাকস্বাধীনতা ও আইনের শাসনের নিশ্চয়তা রয়েছে। তবে সেই স্বাধীনতার প্রয়োগ যেন যুক্তিসংগত ও শালীন হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।
এবার সংরক্ষিত নারী আসনে জোটভিত্তিক আসন বণ্টনে বিএনপি জোট ৩৬টি, জামায়াত জোট ১৩টি এবং স্বতন্ত্র জোট ১টি আসন পাচ্ছে।
বাংলাদেশ নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমার শেষ তারিখ ২১ এপ্রিল, বাছাই ২২ ও ২৩ এপ্রিল, আপিল ২৬ এপ্রিল, আপিল নিষ্পত্তি ২৭ ও ২৮ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহার ২৯ এপ্রিল, প্রতীক বরাদ্দ ৩০ এপ্রিল এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে।
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!