চলতি এপ্রিলের প্রথম ১৯ দিনেই দেশে প্রবাসী আয় দুই বিলিয়ন ডলার ছাড়িয়েছে। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে প্রবাসীদের বাড়তি অর্থ পাঠানোর প্রবণতায় রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক গতি দেখা যাচ্ছে।
সোমবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান। কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, এপ্রিলের প্রথম ১৯ দিনে প্রবাসীরা ২১২ কোটি ৭০ লাখ মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন। বর্তমান বিনিময় হার (প্রতি ডলার ১২২ টাকা ৭০ পয়সা) অনুযায়ী, এর পরিমাণ ২৬ হাজার কোটি টাকার বেশি।
খাতসংশ্লিষ্টরা বলছেন, ঈদকে সামনে রেখে কোরবানির পশু কেনা ও পরিবারের অতিরিক্ত খরচ মেটাতে প্রবাসীরা বেশি করে অর্থ পাঠাচ্ছেন। এতে রেমিট্যান্স প্রবাহে চাঙাভাব তৈরি হয়েছে, যা বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ইতিবাচক প্রভাব ফেলছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, গত মার্চ মাসে প্রবাসীরা ৩৭৫ কোটি ৫০ লাখ ডলার পাঠিয়েছেন, যা দেশের ইতিহাসে একক মাসে সর্বোচ্চ। এর আগে ফেব্রুয়ারিতে রেমিট্যান্স ছিল ৩০২ কোটি ডলার।
চলতি ২০২৫–২৬ অর্থবছরের জুলাই থেকে ১৯ এপ্রিল পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৮৩৪ কোটি ডলার। যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২০ দশমিক ৬ শতাংশ বেশি। গত অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ২ হাজার ৩৫০ কোটি ডলার।
সংশ্লিষ্টরা আশা করছেন, বর্তমান প্রবণতা অব্যাহত থাকলে এপ্রিল শেষে প্রবাসী আয় তিন বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে।
আরএস-রাসেল
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!