যুক্তরাষ্ট্র   বৃহস্পতিবার ১১ জুন ২০২৬, বৃহস্পতিবার ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

বাংলাদেশে টি১৭ উন্মোচন করলো শাওমি

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ১১ জুন ২০২৬, ১০:৪৩ AM

১১
বাংলাদেশে টি১৭ উন্মোচন করলো শাওমি

বিশ্ববাজারে উন্মোচনের এক মাসের মধ্যেই বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো শাওমির নতুন প্রিমিয়াম মিড-রেঞ্জ ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজ। অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক নতুন HyperOS 3 অপারেটিং সিস্টেম সমৃদ্ধ স্মার্টফোনটিতে রয়েছে উন্নত ক্যামেরা, শক্তিশালী প্রসেসর এবং দীর্ঘস্থায়ী ব্যাটারি সুবিধা।

১০ জুন, বুধবার রাতে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল, ঢাকায় নতুন স্মার্টফোনটির উদ্বোধন করেন শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী।

অনুষ্ঠানে তিনি জানান, ১২ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ সংস্করণের স্মার্টফোনটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৭৯ হাজার ৯৯৯ টাকা। উদ্বোধনী অফারের অংশ হিসেবে ক্রেতারা নগদ ক্রয়ে একটি রেডমি ওয়াচ ৫ কিংবা শাওমি স্মার্ট পিউরিফায়ার বা ২০ হাজার টাকা সম মূল্যের উপহার পাবেন। এছাড়া ব্যাংকের মাধ্যমে ১০ হাজার টাকা ডাউন পেমেন্টে বিনা সুদে ১২ মাসের কিস্তিতে কার্ড  ও কার্ডলেস ইএমআই সুবিধার পাবেন।

নতুন স্মার্টফোনটিতে ব্যবহৃত হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি সিরিজের শক্তিশালী প্রসেসর, আল্ট্রা-স্মুথ অ্যামোলেড ডিসপ্লে এবং ৫০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা। ক্যামেরা সিস্টেমে যুক্ত করা হয়েছে লাইকার ৫x পেরিস্কোপ টেলিফটো লেন্স, যা উন্নত ফটোগ্রাফি অভিজ্ঞতা দেবে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।

দীর্ঘক্ষণ ব্যবহারের জন্য ডিভাইসটিতে রয়েছে ৬ হাজার ৫০০ মিলিঅ্যাম্পিয়ার ক্ষমতার সিলিকন-কার্বন ব্যাটারি। পাশাপাশি নতুন HyperOS 3 ব্যবহারকারীদের আরও স্মার্ট ও গতিশীল অভিজ্ঞতা দেবে বলে জানানো হয়।

অনুষ্ঠানে শাওমির প্রতিনিধি লেদার লুই ‘হিউম্যান-কার-হোম’ কৌশল তুলে ধরে প্রতিষ্ঠানটির স্মার্ট ডিভাইস ইকোসিস্টেম এবং উদ্ভাবনী প্রযুক্তি নিয়ে আলোচনা করেন। অন্যদিকে, অনুষ্ঠানের এসেনশিয়াল মোমেন্টে শাওমি বাংলাদেশের মার্কেটিং ডিরেক্টর মো. আসাদুজ্জামান লাইকা ক্যামেরা প্রযুক্তির সঙ্গে শাওমির দীর্ঘ অংশীদারিত্বের বিভিন্ন দিক তুলে ধরেন।

এসময় শাওমির পরিবেশক প্রতিষ্ঠান ডেজল গিয়ারের ব্যবস্থাপনা পরিচালক শামীম রেজা নতুন স্মার্টফোনের জন্য বিশেষ ‘বাই-ব্যাক’ অফারের ঘোষণা দেন। এই অফারের আওতায় নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে ক্রেতারা ডিভাইসটির মূল্যের সর্বোচ্চ ৭০ শতাংশ পর্যন্ত ফেরত পাওয়ার সুযোগ পাবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে গণমাধ্যমকর্মী, প্রযুক্তি বিশ্লেষক, ফটোগ্রাফি অনুরাগী, কনটেন্ট ক্রিয়েটর এবং প্রযুক্তিপ্রেমীরা অংশ নেন।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!