যুক্তরাষ্ট্র   মঙ্গলবার ২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার ১২ শ্রাবণ ১৪৩৩

শিক্ষার্থীদের আন্দোলনের সাফল্যে উচ্ছ্বসিত কিরণ রাও, বললেন ‘অসম্ভবও সম্ভব হয়েছে’

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ২৭ জুলাই ২০২৬, ০৬:০৭ AM

শিক্ষার্থীদের আন্দোলনের সাফল্যে উচ্ছ্বসিত কিরণ রাও, বললেন ‘অসম্ভবও সম্ভব হয়েছে’

ভারতে বিতর্কিত ‘নিট’ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় শিক্ষার্থীদের টানা আন্দোলনের মুখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর আন্দোলনকারী তরুণদের প্রশংসা করেছেন বলিউডের নির্মাতা ও প্রযোজক কিরণ রাও।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘জেন জি, তোমরা সত্যিই করে দেখালে। আমরা যেটাকে একসময় অসম্ভব বলে ভাবতাম, সেটাই আজ সম্ভব হয়েছে।’

কিরণ রাও বলেন, তরুণেরা শুধু আন্দোলনে সফলই হয়নি, বরং রসবোধ, আত্মবিশ্বাস, প্রজ্ঞা ও সহমর্মিতার মাধ্যমে পুরো আন্দোলনকে অন্য উচ্চতায় নিয়ে গেছে। তাদের এই ভূমিকার প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

ভারতীয় সংবিধানের একটি ছবি শেয়ার করে দেওয়া পোস্টে কিরণ লেখেন, তরুণদের দূরদর্শিতা তাঁকে নতুন করে আশাবাদী করেছে। ভবিষ্যৎ প্রজন্মের প্রতি তিনি কৃতজ্ঞ থাকবেন বলেও উল্লেখ করেন।

আন্দোলনে সক্রিয় থাকা ‘ককরোচ জনতা পার্টি’র ভূমিকাও আলাদাভাবে তুলে ধরেন কিরণ। তিনি বলেন, সাহসী নেতৃত্বের জন্য সংগঠনটির সদস্যরা প্রশংসার দাবিদার। একই সঙ্গে তরুণদের ঐক্য ধরে রেখে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

কিরণ রাও এর আগেও বিভিন্ন সামাজিক ও নাগরিক ইস্যুতে সরব হয়েছেন। লাদাখের সমাজকর্মী সোনম ওয়াংচুকের আন্দোলনসহ শিক্ষার্থীদের বিভিন্ন যৌক্তিক দাবির প্রতি অতীতেও প্রকাশ্যে সমর্থন জানিয়েছিলেন তিনি।

আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!