যুক্তরাষ্ট্র   মঙ্গলবার ২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার ১২ শ্রাবণ ১৪৩৩

‘গুলশানের চামেলি’ দিয়ে ঢাকাই সিনেমায় অভিষেক হচ্ছে মধুমিতা সরকারের

এখন বাংলা ডেস্ক

প্রকাশিত: ২৭ জুলাই ২০২৬, ০৫:৪৬ AM

‘গুলশানের চামেলি’ দিয়ে ঢাকাই সিনেমায় অভিষেক হচ্ছে মধুমিতা সরকারের

দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বাংলাদেশের চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। নির্মাতা মোহাম্মদ ইকবালের নতুন সিনেমা ‘গুলশানের চামেলি’–তে অভিনয়ের মাধ্যমে ঢাকাই চলচ্চিত্রে অভিষেক হচ্ছে তাঁর।

যদিও প্রযোজনা প্রতিষ্ঠান বা নির্মাতার পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে বাংলাদেশে কাজ করার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মধুমিতা নিজেই।

বাংলাদেশে কাজ করতে আসা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে অভিনেত্রী বলেন, ‘আমি খুবই এক্সাইটেড কাজটি করার জন্য। অনেক বছর ধরেই আমার বিভিন্ন কাজে বাংলাদেশে যাওয়ার কথা ছিল, কিন্তু নানা কারণে সেটা আর হয়ে ওঠেনি। অবশেষে সেই ইচ্ছাটা পূরণ হচ্ছে। শিগগিরই আমি আসছি।’

মধুমিতা সরকার পশ্চিমবঙ্গের জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক ‘বোঝে না সে বোঝে না’–এর ‘পাখি’ চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান। পরে ‘কেয়ার করি না’সহ একাধিক ধারাবাহিক এবং ‘চিনি’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে দর্শকদের প্রশংসা কুড়ান।

এবার বাংলাদেশের দর্শকের সামনে বড় পর্দায় নতুন পরিচয়ে হাজির হতে যাচ্ছেন এই অভিনেত্রী। ‘গুলশানের চামেলি’–তে তাঁর চরিত্র নিয়ে এখনই বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে ছবিটির মাধ্যমে ঢাকাই সিনেমায় তাঁর অভিষেক ঘিরে দুই বাংলার দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।


আরএস-রাসেল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!